রাজ্যে বসে জামতাড়া গ্যাংয়ের নাশকতার ছক, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ১০ দুর্গাপুরে

Jamtara Gang Members Arrested Photo-Representative

ছটপুজোয় এবং শীতের সময় বড় নাশকতার ছক কষেছিল জামতাড়া গ্যাং। কিন্তু পুলিশের তৎপরতায় তা ভেস্তে গেল। শীতের রাতে বড় কোনও অপারেশন করার জন্য ঘাপটি মেরে ছিল তারা। এই রাজ্যের একাধিক মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতেই ছক কষা হয়েছিল। রাজ্যে অপরাধ সংঘটিত করার উদ্দেশ্য ছিল তাদের বলে তদন্তে উঠে এসেছে। চলতি মাসেই রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আইআইটি খড়গপুরে আসার কথা রয়েছে। এই আবহে জামতাড়া গ্যাংয়ের সদস্যরা কোনও অঘটন ঘটাতে পারত বলে পুলিশ মনে করছে। ইতিমধ্যেই ১০ জনকে গ্রেপ্তার করে ম্যারাথন জেরা করতে শুরু করেছে পুলিশ।

এই রাজ্যে বসে অপরাধের ছক কষা নিঃসন্দেহে নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্ন। গোপন সূত্রে খবর পেয়েই রাতের অন্ধকারে অভিযানে নেমে পড়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র-সহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র-সহ উদ্ধার হয়েছে সাইকেলের চেন এবং বেসবল ব্যাট। সাইকেলের চেন দিতে কার শ্বাসরোধ করার পরিকল্পনা ছিল সেটা জানতে জেরা শুরু করেছে পুলিশ। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র দিয়ে কাদের খুন করার পরিকল্পনা ছিল সেটা নিয়ে এখনও তারা পুলিশের সামনে মুখ খোলেনি। তবে পরিকল্পনা যে নাশকতার ছিল সেটা জানতে পেরেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর মিলেছিল জামতাড়া গ্যাংয়ের সদস্যরা জড়ো হয়েছে। কয়েকজন জমায়েত করে সন্দেহজনক কার্যকলাপ করছে। এই খবর পেয়ে পুলিশ অভিযানে নেমে পড়ে। রাতের অন্ধকারে বিশেষ অভিযান চালানো হবে সেটা বুঝতে পারেনি দুষ্কৃতীরা। এই অভিযানে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর তাদের জেরা করা শুরু হয়েছে। ধৃতদের মধ্যে ৬ জন পাণ্ডবেশ্বরের ডিভিসি এলাকার বাসিন্দা। তাঁদের নাম বিনোদ বেদ, সুন্দর যাদব, শেখ ফারহান, তাপস বেদ, পবন চৌহান এবং কবিরাজ বেদ। ধৃত তিনজন ঝাড়খণ্ডের জামতারার মেহিজান এলাকার বাসিন্দা। তারা হল-সন্তোষ পাশি, দেব কুমার এবং মানা পাশি। আর ধৃত সাদ্দাম খান জামুড়িয়ার হোসেন নগর এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, সাইকেলের চেন এবং বেসবল ব্যাট উদ্ধার করা হয়েছে।


তাছাড়া বিশেষ নাশকতার উদ্দেশে এই আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য সামগ্রী মজুত করা ছিল। উদ্ধার হওয়া সামগ্রীগুলি কোনও অপরাধমূলক কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল কিনা সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের সঙ্গে কোনও অপরাধচক্রের যোগসূত্র আছে কিনা, কোনও বড় অপরাধের পরিকল্পনা করছিলেন কিনা এবং এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত আছে কিনা, সেটার বিষয়েও তদন্ত করে দেখছে পুলিশ। রাতের অন্ধকারে পুলিশের হঠাৎ অভিযান এবং একসঙ্গে ১০ জনের গ্রেপ্তারের ঘটনায় পাণ্ডবেশ্বর এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে নানা চর্চা।