বাড়ি বাড়ি ভোটগ্রহণ শুরু, প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বিশেষ উদ্যোগ

প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে শুক্রবার থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন। হুগলি ও হাওড়া—দুই জেলাতেই শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নির্বাচনী আধিকারিকেরা পৌঁছে যাচ্ছেন সেই সব ভোটারের দরজায়, যাঁরা শারীরিক কারণে ভোটকেন্দ্রে যেতে অক্ষম।

হুগলি জেলার জেলাশাসক খুরশিদ আলি কাদেরি জানিয়েছেন, এই বিশেষ উদ্যোগের আওতায় জেলায় মোট ১০,৬২৪ জন ভোটারের বাড়িতে গিয়ে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। তাঁর কথায়, ‘এই কাজের অধিকাংশই তিন দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে।’

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চিহ্নিত ভোটারদের মধ্যে ৮৫ বছরের ঊর্ধ্বে রয়েছেন ৮,৭৮০ জন এবং বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন ১,৮৪৪ জন।


অন্যদিকে, হাওড়াতেও একই ছবি ধরা পড়েছে। শুক্রবার দুপুরে উলুবেড়িয়ার খলিসানি পঞ্চায়েত এলাকার একাধিক বুথে বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণের কাজ সম্পন্ন করেন নির্বাচনী আধিকারিকেরা। নিরাপত্তার স্বার্থে প্রতিটি টিমের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলিও। প্রশাসনের মতে, এতে একদিকে যেমন প্রবীণ ও অসুস্থ ভোটারদের ভোটদানে উৎসাহ বাড়বে, তেমনই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ আরও নিশ্চিত হবে।