নতুন বছরের শুরুতেই হবে ডুয়ার্স উৎসব, উদ্বোধনে মুখ্যমন্ত্রী, পর্যটকদের জন্য সুখবর থাকছে

Dooars Festival-Suvendu Adhikari Photo-SNS

২০২৭ সালের শুরুতেই হবে ডুয়ার্স উৎসব। আর এই উৎসবের উদ্বোধন করতে আসার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই নিয়ে আয়োজকদের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর বলে সূত্রের খবর। আর তারপরই এই উৎসবে যাঁরা আসবেন তাঁদের জন্য সুখবর রেখেছেন আয়োজকরা। উত্তরবঙ্গের ডুয়ার্স এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সারা বছর এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। সেখানে শীতের মরশুমে ডুয়ার্স উৎসব জমজমাট হবে তার পরিকল্পনাই চলছে। খোদ মুখ্যমন্ত্রী হাজির থাকলে তো সেই অনুষ্ঠানের মাত্রাই বেড়ে যায়। যে সময়ে এই উৎসব হবে তখন অনেকেই শীতের ছুটিতে ডুয়ার্স থেকে পাহাড়ে বেড়াতে আসবেন।

এই ডুয়ার্স উৎসবে প্রবেশমূল্য তুলে দিচ্ছে আয়োজক কমিটি। সুতরাং অবাধ যাতায়াত করতে পারবেন পর্যটকরা এবং স্থানীয় মানুষজন। আগামী ২০২৭ সালের ২ জানুয়ারি থেকে জেলা সদরের প্যারেড গ্রাউন্ডে ২১তম ডুয়ার্স উৎসব শুরু হতে চলেছে। এই উৎসব চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন পর্যন্ত। এই উৎসবের উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে সূত্রের খবর। আর উৎসব নিয়ে রেডক্রস ভবনে ডুয়ার্স উৎসবের অফিসে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়, প্রবেশমূল্য ফ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে এই ঘোষণা করার পরই খুশির হাওয়া বইতে শুরু করেছে ডুয়ার্সে।

ডুয়ার্স উৎসব নিয়ে স্থানীয় মানুষজন থেকে শুরু করে পর্যটকদের মধ্যে বরাবরই একটা আগ্রহ থাকে। তাই এবার প্রবেশমূল্য তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা এককথায় আকর্ষণীয়। এই উৎসব কমিটির সাধারণ সম্পাদক বিজেপির জেলা সভাপতি মিঠু দাস বলেন, ‘সাধারণ মানুষের আবেদনে সাড়া দিয়ে ২১তম ডুয়ার্স উৎসবের প্রবেশমূল্য ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। অর্থাৎ উৎসবের আনন্দ উপভোগ করতে সাধারণ আমজনতাকে এবার টিকিট কাটতে হবে না। সাধারণ মানুষ বিনামূল্যে উৎসবের আমেজ উপভোগ করতে পারবেন। উৎসব দেখার জন্য মানুষকে প্রত্যেকদিন টিকিট কাটতে হয়। এতে সমস্যায় পড়তে হয়। তাই এবার আর মানুষকে ওই সমস্যায় পড়তে হবে না।’


তাছাড়া এবার উৎসবে ডুয়ার্সের সঙ্গে গোটা তরাই অঞ্চলের জনজাতি সম্প্রদায়ের মানুষদেরও সামিল করা হবে। জেলার পর্যটন শিল্পের সঙ্গে জনজাতি সম্প্রদায়ের মানুষদের জীবনযাত্রার নানা তথ্য শৈলি তুলে ধরা হবে। প্রতিবেশী রাষ্ট্র নেপাল এবং ভুটানকেও যুক্ত করার চেষ্টা চলছে। এই গোটা বিষয়টি নিয়ে মিঠু দাসের বক্তব্য, ‘আগামী ২ জানুয়ারি উৎসবের উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে আমাদের সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তিনবার জেলা সফরে এসেছেন। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী জেলায় আসছেন ডুয়ার্স উৎসবের উদ্বোধন করতে। আগামী ২৪ নভেম্বর প্যারেড গ্রাউন্ডে খুঁটিপুজো হবে।’