ডোমজুড়ে মুরগি ব্যবসায়ীকে হেনস্থার অভিযোগে বিজেপি প্রার্থীকে ঘিরে তীব্র বিতর্ক

ভোটের আগে ডোমজুড় বিধানসভা কেন্দ্রে এক বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এক সাধারণ মুরগি ব্যবসায়ীকে ‘রোহিঙ্গা বাংলাদেশি’ তকমা দিয়ে তাঁর দোকান উৎখাত করার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আর তৃণমূলের তরফে বিষয়টি নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে।

তৃণমূলের এক্স হ্যান্ডল থেকে শুক্রবার একটি ভিডিয়ো প্রকাশ করে দাবি করা হয়েছে, বিজেপি প্রার্থী নিজে উপস্থিত থেকে ওই ব্যবসায়ীকে হেনস্থা করেছেন। তাঁকে দোকান সরাতে বাধ্য করেছেন। যদিও এই ভিডিয়োর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবুও তা ঘিরে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ডোমজুড়ের জগদীশপুর বাজারের কাছে প্রায় দেড় বছর ধরে মুরগির মাংসের দোকান চালাচ্ছেন তুতুল হোসেন নামে ওই ব্যবসায়ী। তাঁকে এতদিন কোনও সমস্যার মুখে পড়তে হয়নি। অভিযোগ, হঠাৎ করেই বৃহস্পতিবার দুপুরে বিজেপি প্রার্থী কয়েকজন সমর্থককে নিয়ে সেখানে হাজির হন এবং ব্যবসায়ীর উপর চড়াও হন।


ভাইরাল হওয়া ভিডিয়োয় শোনা যাচ্ছে, ব্যবসায়ীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ‘তুমি জিহাদি বাংলাদেশি রোহিঙ্গা হয়ে কী করে এখানে ব্যবসা করছ?’ এরপর তাঁকে ওই জায়গা ছেড়ে দিতে বলা হয় এবং দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতির চাপে পড়ে ওই ব্যবসায়ী নিজের দোকান সরিয়ে নিতে বাধ্য হন।

ভিডিয়োয় আরও দেখা গিয়েছে, প্রার্থীর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি ব্যবসায়ীর মুরগির খাঁচা, বেচাকেনার টেবিল ও অন্যান্য সামগ্রী সরিয়ে দিচ্ছেন। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী তুতুল হোসেন জানিয়েছেন, তাঁর বাড়ি বীরভূম জেলার লাভপুরে। সেখানকার ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে। সংশ্লিষ্ট নথিতেও তাঁর পরিচয় স্বীকৃত। ফলে তাঁকে ‘রোহিঙ্গা’ বলা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

এই ঘটনায় তৃণমূল যুব নেতৃত্ব সরব হয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। ডোমজুড়ের তৃণমূল যুব সভাপতি নুরাজ মোল্লা বলেন, ‘এটাই বিজেপির আসল চেহারা। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, মিথ্যা তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

যদিও এখনও পর্যন্ত ডোমজুড় থানা বা নির্বাচন কর্তৃপক্ষের কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে, অভিযুক্ত বিজেপি প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া জানাননি।

কয়েকদিন আগেই ওই কেন্দ্রকে ঘিরে দেওয়াল লিখন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এই অভিযোগ সামনে আসায় ডোমজুড়ের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূলের মতে, ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।