ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশে আপাতত স্বস্তি, আপাতত সক্রিয় থাকবে হুগলি ডিপিএসসি

ফাইল চিত্র

প্রাথমিক শিক্ষক বদলি সংক্রান্ত একটি মামলাকে কেন্দ্র করে হুগলি জেলার প্রাইমারি স্কুল কাউন্সিলের (ডিপিএসসি) অস্তিত্ব নিয়ে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, তাতে আপাতত স্বস্তি দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের রায়ে কাউন্সিলকে বেআইনি ঘোষণা করা হলেও, সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে  বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। ফলে আপাতত কাউন্সিল তাদের দৈনন্দিন প্রশাসনিক কাজ চালিয়ে যেতে পারবে।

এর আগে কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছিল, প্রাইমারি স্কুল কাউন্সিল গঠনের ক্ষেত্রে নির্ধারিত আইন ও নিয়ম মানা হয়নি সেই কারণে কাউন্সিলের কোনও আইনি বৈধতা নেই এবং চেয়ারম্যান বা অন্যান্য আধিকারিকদের দেওয়া নির্দেশ কার্যকর নয়। এই রায়ের ফলে প্রাইমারি স্তরে নিয়োগ, বদলি সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হুগলি ডিপিএসসি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়।বুধবার এই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ে আপাতত স্থগিতাদেশ জারি করেছে। একই সঙ্গে কাউন্সিলকে সংশ্লিষ্ট নথিপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে হুগলি ডিপিএসসির পক্ষে আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক জানান, প্রাইমারি  স্তরে শিক্ষক নিয়োগ থেকে বদলি, সব দায়িত্বই কাউন্সিলের মাধ্যমে সম্পন্ন করা হয়।


কাউন্সিলের কাজ বন্ধ থাকায় শুধু প্রশাসনিক স্তরেই নয়, সেখানে কর্মরত কর্মচারীরাও চরম অনিশ্চয়তার মুখে পড়েছিলেন। আইনজীবী মহলের মতে, ডিভিশন বেঞ্চের এই অন্তর্বর্তী নির্দেশের ফলে শুধু হুগলি নয়, রাজ্যজুড়ে প্রাইমারি স্কুল কাউন্সিলগুলির সম্ভাব্য অচলাবস্থা আপাতত এড়ানো গেল। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি, তবু এই মুহূর্তে কাউন্সিলের কার্যক্রম সচল থাকার পথ খুলে দিল আদালত।