জেলে বন্দি সস্ত্রীক ‘পুষ্পা’ জাহাঙ্গির, ফলতায় প্রাসাদোপম বাড়ি ভাঙছে প্রশাসন

Jahangir Khan Photo-SNS

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর নেপালে পালিয়ে গিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা জাহাঙ্গির খান। পরে জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ওই নেতাকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করে পুলিশ। আর এবার ফলতায় তাঁর প্রাসাদোপম বাড়ি ভাঙার কাজ শুরু করল জেলা প্রশাসন। বুধবার সকালে ফলতার শ্রীরামপুরে ওই বাড়ি ভাঙতে পৌঁছন জেলা প্রশাসনের অফিসাররা। বিডিও এবং প্রশাসনের অফিসারও ঘটনাস্থলে আছেন। জাহাঙ্গিরের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার জন্য আদালত অনুমতি দেয়। তা পাওয়ার পরই প্রশাসন তৎপর হয়। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের নির্দেশে বুধবার ভাঙার কাজ হচ্ছে।

এদিকে জেলা প্রশাসন সূত্রে খবর, ফলতায় জাহাঙ্গিরের ওই বাড়ি তৈরির ক্ষেত্রে কোনও নিয়ম মানা হয়নি। বাড়ি তৈরির জন্য কোনও অনুমতিও নেওয়া হয়নি। পঞ্চায়েত বা জেলা পরিষদের পক্ষ থেকেও ওই বাড়ি নির্মাণের অনুমোদন ছিল না। এই অনিয়ম প্রকাশ্যে আসতেই ওই বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় জেলা প্রশাসন। আদালত বাড়ি ভাঙার অনুমতি দিতেই শুরু হয় প্রশাসনিক তৎপরতা। জাহাঙ্গিরের বাড়ি নিয়ে অনিয়মের অভিযোগ আগেই উঠেছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে জাহাঙ্গিরের বাড়ি নিয়ে তদন্তের দাবি জানিয়ে অভিযোগ জমা পড়েছিল। দোতলার বেশি উঁচু বাড়ি তৈরি করতে গেলে প্ল্যানের অনুমোদন প্রয়োজন জেলা পরিষদের। ফলতায় জাহাঙ্গিরের যে বাড়ি আছে, সেটি নিয়ম মেনে হয়েছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে। তদন্ত শুরু করে জেলা প্রশাসন। পরে তা গড়ায় আদালতে। আদালত জাহাঙ্গিরের বাড়ি ভাঙায় অনুমোদন দেয়।

অন্যদিকে আগেই ওই বাড়ি ভেঙে ফেলার জন্য নোটিস দেওয়া হয়েছিল। সাতদিনের মধ্যে বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলেও সেটা কার্যকর করা হয়নি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি ভাঙা না হওয়ায় এবার প্রশাসন নিজেই বাড়ি ভাঙতে উদ্যোগ নিয়েছে। জাহাঙ্গিরের নামে বেশ কয়েকবার নোটিস পাঠানো হয়। শুনানির জন্য তলবও করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। বাড়ি ভেঙে ফেলার জন্য নোটিস দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর।


তাছাড়া বুধবার সকালে জাহাঙ্গিরের বাড়িতে হাজির হন জেলা প্রশাসনের কর্তারা। বাড়ির গেটে তালা ঝোলানো ছিল। প্রথমে সেই তালা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। আর বাড়ির মধ্যে থাকা আসাবপত্র বাইরে বের করে আনা হয়। বাড়ি খালি করার পরই ভাঙা শুরু হয়। এই বিষয়ে ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা বলেন, ‘এটা সম্পূর্ণ সরকারি প্রক্রিয়া। আদালতের নির্দেশ মেনে কাজ হচ্ছে। অনেক জমি বেআইনিভাবে দখল করে বাড়ি এবং পার্টি অফিস তৈরি করা হয়েছে। জলাভূমিও দখল করে রাখা হয়েছে। শুধু জাহাঙ্গিরের বাড়িই নয়, এলাকার অন্যান্য বেআইনি নির্মাণের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।’ তবে জাহাঙ্গির ও তাঁর স্ত্রী দু’জনেই এখন জেলবন্দি।