ভোটের আগে নাকা-চেকিংকে কেন্দ্র করে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ নতুন নয়। সম্প্রতি এই ইস্যুতে সমাজ মাধ্যমে সরব হয়েছেন একাধিক সেলিব্রিটি। এবার একই অভিজ্ঞতার মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তিনি অভিযোগ করেন, পুলিশ গাড়ি থামিয়ে তাঁর ব্যক্তিগত জিনিসপত্র অত্যন্ত অসম্মানজনকভাবে তল্লাশি করেছে—যার মধ্যে অন্তর্বাস ও স্যানিটারি ন্যাপকিনও ছিল।
শ্রীময়ীর এই অভিযোগ প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার খণ্ডঘোষের এক জনসভা থেকে তিনি এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, চেকিংয়ের নামে মহিলাদের ব্যক্তিগত সামগ্রী এভাবে তল্লাশি করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি নারীদের সম্মানের পরিপন্থী। তিনি আরও দাবি করেন, কাঞ্চন মল্লিকের স্ত্রীর সঙ্গেও একই ধরনের আচরণ করা হয়েছে।
এর আগেও টলিউড অভিনেতা অরিত্র দত্তবণিক গাড়ি চেকিং নিয়ে সমাজ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন, যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। শ্রীময়ী তাঁর অভিজ্ঞতার বর্ণনায় জানান, টলিগঞ্জ এলাকায় নাকা চেকিং চলাকালীন এক পুলিশ আধিকারিক তাঁর গাড়ি থামান। তিনি জানালেও যে শুটিং থেকে ফিরছেন এবং গাড়িতে কোনও বেআইনি জিনিস নেই, তবুও তল্লাশি চালানো হয়।
শরীর খারাপের কথা বললে তাঁকে তা ‘নাটক’ বলা হয় বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ব্যাগ খুলে বিস্তারিতভাবে তল্লাশি করা হয়, যেখানে ব্যক্তিগত সামগ্রীও ছিল। এমনকি মেকআপ কিটের মধ্যেও টাকা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়। শ্রীময়ীর প্রশ্ন, যদি তল্লাশি করতেই হয়, তাহলে মহিলা পুলিশ কোথায়?এই ঘটনার পর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তার নামে এমন আচরণ কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।