‘আর্জেন্টিনা ও তৃণমূলের অবস্থা একই,’ মেসিদের তুলনা টেনে পার্টি অফিস দখল নিয়ে কটাক্ষ দিলীপের

Photo: ANI

গতবারের বিশ্বজয়ী আর্জেন্টিনার অবস্থা এখন তৃণমূলের মতো। শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার রাতে(ভারতীয় সময়) ফুটবল বিশ্বকাপে তাক লাগিয়ে দিয়েছে আফ্রিকার ছোট দেশ কেপ ভার্দে। ১২০ মিনিট আর্জেন্টিনাকে একেবারে নাকানি-চোবানি খাইয়েছে কেপ ভার্দে। বিশ্বজয়ী আর্জেন্টিনার এরকম অবস্থাকে তৃণমূলের সঙ্গে তুলনা টেনেছেন দিলীপ ঘোষ।

বিজেপি নেতা তৃণমূলকে আর্জেন্টিনার সঙ্গে তুলনা করে বলেন, ‘আর্জেন্টিনার অবস্থা এখন তৃণমূলের মতো হয়ে যাচ্ছে।’ এরপরেই তিনি কটাক্ষের সুরে বলেন, ‘বিশ্ববিখ্যাত দল আর্জেন্টিনার অবস্থা এখন তৃণমূলের মতো হয়ে যাচ্ছে। যে তৃণমূলের কথায় গাছের পাতা নড়ত, সূর্য উঠত, সেই তৃণমূলের অবস্থা দেখুন। এখন তৃণমূল দুই দলে বিভক্ত হয়ে অফিস দখলের লড়াইয়ে নেমেছে। আর্জেন্টিনা সম্পর্কে আমাদের খুব উচ্চ ধারণা ছিল। আমরা ভাবতাম আর্জেন্টিনা খুব শক্তিশালী দল। কিন্তু দেখুন, অজ্ঞাতকুলশীল দল এসে তাদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিল।’

বিজেপি নেতার কথা শেষ হতেই একজন সাংবাদিক জানান, আর্জেন্টিনা ও তৃণমূল দুই দলের রঙই নীল সাদা। সাংবাদিকের কথার প্রত্যুত্তরে দিলীপ বলেন, ‘হ্যাঁ। বাবুল সুপ্রিয় নীল সাদা রঙ মুছে ফেলার গান গেয়েছিলেন। এখন লোকে সেই কাজটাই করছে। আমি তো এই খেলাটা দেখার পরে বাবুল সুপ্রিয়কে খুঁজছি। এখন উনি নতুন গান লিখছেন কি না জানতে চাই।’


উল্লেখ্য, শুক্রবার ইএম বাইপাসে তৃণমূলের দলীয় কার্যালয়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠদের বিরুদ্ধে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরে মদন মিত্র, কুণাল ঘোষ-সহ অন্যান্য নেতারা সেখানে গেলেও তালা বন্ধ থাকায় তাঁরা সেখানে প্রবেশ করতে পারেননি। গোটা পরিস্থিতি সামাল দিতে বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দিলীপ ঘোষ তৎকালীন সরকারকে নিশানা করেন।

এ বিষয়ে দিলীপ বলেন, ‘২০২১-এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের লোকেরা আমাদের সব পার্টি অফিসে তালা মারত। সেই অভ্যাসটা ওদের রয়ে গিয়েছে। সেই কারণে তৃণমূল নেতারা এখন নিজেদের দলের অফিসে তালা মারতে শুরু করেছেন।’