নৌকা বাইলেন এবং মাছ ধরলেন দিলীপ ঘোষ

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মন্ত্রীসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়েছেন দিলীপ ঘোষ।  পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ দপ্তরের দায়িত্ব পাওয়ার পরও তাঁর সহজ-সরল জীবনযাপনের ছবি আবারও ধরা পড়ল শনিবার সকালে। বিধাননগরের খাসমবল এলাকায় গিয়ে পুরনো মেজাজেই স্থানীয়দের সঙ্গে সময় কাটাতে দেখা গেল তাঁকে।

এদিন সকালে একটি চা-চক্রে যোগ দিতে এলাকায় পৌঁছন দিলীপ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, তৃণমূল আমলে এলাকার মাছের ভেড়িগুলি জোর করে দখল করে নেওয়া হয়েছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই ভেড়িগুলি ফের স্থানীয়দের হাতে ফিরে এসেছে। সেই আবহেই এলাকার মানুষের আমন্ত্রণে সেখানে যান মন্ত্রী। তাঁকে ফুলের মালা ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান স্থানীয়রা।

এরপর খড়গপুরের চেনা ছন্দে দেখা যায় দিলীপকে। হাতে জাল নিয়ে নেমে পড়েন মাছের ভেড়িতে। নিজেই জাল ফেলেন জলে এবং পরে তা টেনে তোলেন। জালে ধরা পড়ে প্রচুর মাছ। সেই দৃশ্য ঘিরে উৎসাহে ভরে ওঠেন অনুগামীরা ও স্থানীয় বাসিন্দারা। অনেকে মোবাইল ফোনে সেই মুহূর্ত বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন।


পরে সেই মাছ ভেজে মুড়ির সঙ্গে প্রাতঃরাশও সারেন দিলীপ। কড়কড়ে মাছভাজা, মুড়ি আর ডাবের জল— সব মিলিয়ে একেবারে ঘরোয়া পরিবেশে মিশে যান তিনি। প্রিয় নেতাকে এতটা কাছ থেকে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন এলাকার মানুষও।

দিলীপ বলেন, ‘এই ভেড়িগুলো আমাদের লোকজনের কাছ থেকে দখল করে নেওয়া হয়েছিল। এখন তারা আবার নিজেদের জায়গা ফিরে পেয়েছে। চাষবাস শুরু করেছে। তাঁদের সঙ্গে দেখা করতেই এসেছি।‘ তিনি আরও জানান, ২০২১ সালে এই ভেড়িতে মাছ ছাড়া হয়েছিল, পরে তা দখল হয়ে যায়। এখন আবার স্থানীয়রা ফিরে পেয়ে খুশি। এদিন ভেড়িতে নৌকাও চালাতে দেখা যায় তাঁকে। কিছুক্ষণ দাঁড় হাতে নিজেই নৌকা বেয়ে সময় কাটান মন্ত্রী।