সিইও দপ্তরে ডিজি-সিপির বৈঠক

বিধানসভা নির্বাচন ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে জরুরি বৈঠক করলেন শীর্ষ পুলিশ কর্তারা। বৃহস্পতিবার ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার এবং এডিজি পদমর্যাদার আধিকারিকরা।
 ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাহিনী মোতায়েনের রূপরেখা নিয়েই মূলত আলোচনা হয় বলে সূত্রের খবর। রাজ্যের ডিজিপি সিদ্ধনাথ গুপ্তা জানান, আসন্ন নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই আলোচনা হয়েছে। তিনি জানান, ‘কীভাবে নির্বাচন এগোনো হবে এবং কীভাবে ম্যানপাওয়ার ঠিকভাবে ব্যবহার করা যায়, তা নিয়েই বিস্তারিত কথা হয়েছে।’
অন্যদিকে বৈঠকের পর কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা জানান, ভাঙড়ে সাম্প্রতিক বোমা বিস্ফোরণ এবং একটি খুনের ঘটনার তদন্ত চলছে। তিনি বলেন, ‘দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রশাসনিক মহলের মতে, ভোটের আগে এই ধরনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ ভোট করানোই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।