‘মাল্টি-থ্রেট জোন’-এ পরিণত হয়েছে চিকেনস নেক! দু’দিনের বৈঠকে রাজনাথের টোটকা সেনাবাহিনীকে

Defence Minister Rajnath Singh Photo-ANI

‘মাল্টি-থ্রেট জোন’-এ কি পরিণত হয়েছে চিকেনস নেক বা শিলিগুড়ি করিডর? এই প্রশ্নকে সামনে রেখেই দু’দিন ধরে চলল রুদ্ধদ্বার বৈঠক। ওই আলোচনার পর নতুন ডিফেন্স ব্লু-প্রিন্ট তৈরি করছে সেনাবাহিনী। নিরাপত্তার স্বার্থে দেশের দুই সেনাপ্রধানকে নিয়ে শিলিগুড়ি এবং সিকিম ঘুরে সেই ব্লু-প্রিন্ট খতিয়ে দেখলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার শিলিগুড়িতে আসেন রাজনাথ। রবিবার যান সিকিমে। কেমন করে চিকেনস নেক রক্ষা করতে পদক্ষেপ করা হচ্ছে সেটা প্রতিরক্ষামন্ত্রীকে বুঝিয়ে দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ধীরজ শেঠ এবং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। তাঁদের সঙ্গে ছিলেন পূর্বাঞ্চলীয় সেনার কর্তারা।

শিলিগুড়ি করিডরে সেনাবাহিনীর ওয়ার-গেম নিয়ে শত্রুদেশও আপাতত চিন্তায় রয়েছে। শিলিগুড়ি করিডরকে ঘিরে নতুন সামরিক হুমকির তথ্য পেয়ে সতর্ক হয়েছে সেনা বলে সূত্রের খবর। গত কয়েক মাসে চুম্বি উপত্যকা সংলগ্ন তিব্বত সীমান্তে চিনের লাল ফৌজ তাদের রিমোট সেন্সিং স্টেশন এবং ডিজিটাল ইভসড্রপিং সেন্টার বা আড়ি পাতার যন্ত্র কয়েকগুণ বাড়িয়েছে বলে জানা গিয়েছে। এই প্রক্রিয়ার কাউন্টার স্ট্র্যাটেজি হিসেবে ভারতীয় সেনাবাহিনী সুকনায় তাদের ৩৩ কর্পসের অধীনে নতুন হাইপ্রোফাইল নজরদারি গ্রিড চালু করতে চলেছে। যার অধীনে শিলিগুড়ি করিডর সংলগ্ন নেপাল, ভুটান এবং বাংলাদেশ সীমান্তের প্রত্যেক ইঞ্চিতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অপটিকাল স্যাটেলাইট মনিটরিং এবং মাইক্রো-সেন্সিং ড্রোন যুক্ত করা হচ্ছে। এটা সরাসরি সেনার সদর দপ্তরে রিয়েল-টাইম ডেটা পাঠাবে।

চিন চুম্বি উপত্যকা থেকে আগ্রাসী পদক্ষেপ করার চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে সেই পদক্ষেপ ঠেকাতে হাসিমারা বা বাগডোগরা ছাড়াও মধ্য ভারত থেকে সরাসরি উত্তরবঙ্গে সেনা পাঠানোর সময়সীমা কমিয়ে কয়েক মিনিটে আনার একটি নতুন এয়ারব্রিজ প্রোটোকল চূড়ান্ত করেছে বায়ুসেনা। উত্তরবঙ্গের সুরক্ষায় বিপজ্জনক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে বাগডোগরা সংলগ্ন প্রতিরক্ষা বলয়ে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষার স্থায়ী মোবাইল নোড সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাগডোগরায় ‘র‍্যাপিড এয়ার-লিফট’ ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সেই প্রযুক্তিগত দিক খতিয়ে দেখেন রাজনাথ সিং বলে সূত্রের খবর। শিলিগুড়িতে একাধিক নতুন ‘আন্ডারগ্রাউন্ড কমান্ড পোস্ট’ এবং বর্ডার লজিস্টিক টানেল তৈরি নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে।


তাছাড়া সুকনা এবং তিস্তা নদী সংলগ্ন পাহাড়ে আধুনিক ভূগর্ভস্থ কমান্ড পোস্ট এবং সুরক্ষিত ফায়ারওয়্যার হাউজিং তৈরির বিষয়েও আলোচনা হয়েছে। বিকল্প টানেল ও ‘মোবাইল ফ্লোটিং ব্রিজিং হেড’ তৈরির বিষয়েও কথা হয়েছে। বিএসএফের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ টাস্ক ফোর্স করিডর সংলগ্ন বাংলাদেশ সীমান্তে শ্যাডো সারভিলেন্স চালাবে। সংবেদনশীল এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালাতে পারে সেনা। এই সতর্কবার্তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ শিলিগুড়ি করিডরের মতো এলাকায় বলে সূত্রের খবর।