গোপালপুরে ঘূর্ণঝড় অ্যাকভানের ল্যান্ডফল! তিন ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, ওড়িশায় সতর্কতা

Image: IANS

শক্তি হারিয়ে স্থলভাগের দিকে ঢুকছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’। প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোলেও বৃহস্পতিবার গভীর রাতে দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অ্যাকভান। শুক্রবার সকালে আবহাওয়া দপ্তর বুলেটিনে জানিয়েছে ওড়িশার গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ইতিমধ্যেই স্থলভাগে ঢুকে পড়েছে। তবে কেন্দ্র বা ‘আই অফ দ্য সাইক্লোন’ এখনও গোপালপুর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে রয়েছে। সেটি স্থলভাগে প্রবেশ করলে গোপালপুর ও সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটারে পৌঁছতে পারে। ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হওয়ার পর আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে অ্যাকভান।

গত ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের গতিপথে উল্লেখ্যযোগ্য পরিবর্তন হয়েছে। ক্রমশ অন্ধ্রপ্রদেশের দিক থেকে সরে ওড়িশা উপকূলের দিকে এগিয়েছে। প্রথম দিকে অন্ধ্রপ্রদেশের কোনও অংশে ঘূ্র্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বলে মনে করা হয়েছিল। পরে আইএমডি জানায়, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে অ্যাকভান। সেই মতো দক্ষিণ ওড়িশার একাধিক জেলায় দুর্যোগের সতর্কতা জারি করা হয়।


ঘূর্ণিঝড় দুর্বল হলেও তার প্রভাবে ওড়িশায় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। শুক্রবার ও শনিবার পুরী-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তালিকায় রয়েছে ভদ্রক, কটক, গজপতি, গঞ্জাম, জগৎসিংহপুর, জাজপুর, খুরদা, কেন্দ্রাপাড়া এবং নয়াগড়। এ ছাড়াও কোরাপুট ও মালকানগিরিতে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গোপালপুরে। সেখানে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৪টে পর্যন্ত চাঁদবালতে ৯০ মিলিমিটার, পারাদ্বীপে ৮৪ মিলিমিটার এবং পুরীতে ৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: কেরলের জটায়ু আর্থ সেন্টারে যেতে পারেন প্রধানমন্ত্রী মোদী

দুর্যোগ মোকাবিলায় আগম প্রস্তুতি নিয়েছে ওড়িশা প্রশাসন। বিপজ্জনক এলাকা থেকে তিন লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। খোলা হয়েছে ২ হাজার ৫২৩টি আশ্রয়শিবির। পরিস্থিতি সামাল দিতে মোট ৪২৩টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৪টি দল, ওড়িশা দুর্যোগ মোকাবিলা বাহিনীর ৬০টি দল এবং দমকলের ১৩১টি দল।

আশ্রয়শিবিরগুলিতে শুকনো খাবার, পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ, স্যানিটার প্যাড ও শিশুখাদ্যের ব্যবস্থা রাখা হয়েছে। প্রশাসনের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। অ্যাকভানের প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বন্দে ভারত-সহ পুরীগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শুক্রবার বাতিল হয়েছে টাটানগর-বাদামপাহাড় মেমু, বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি মেমু এবং টাটানগর-ব্রক্ষ্রপুর এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন।

অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গেও। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টমিটার পর্যন্ত হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে শনি ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সোমবার থেকে বৃষ্টি কমতে পারে।

২০ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের বিশেষ প্রভাব পড়ার সম্ভাবনা নেই। শুক্রুবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/DPMl-DzUh_k?si=P5gdG8vvWIFYcvdk” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>