সাইবার প্রতারণা এখন কার্যত মহামারীর আকার নিয়েছে। এই ধরনের অপরাধ মোকাবিলায় রাজ্য পুলিশকে আরও দক্ষ ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠতে হবে। রাজ্য পুলিশের নতুন সাইবার হেল্প ডেস্কের উদ্বোধনে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ‘জনতার দরবার’-এ সাইবার প্রতারণা সংক্রান্ত বিপুল অভিযোগ জমা পড়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারও উদ্বিগ্ন। সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে এই সাইবার হেল্প ডেস্ক চালু করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, অতীতের একাধিক তিক্ত অভিজ্ঞতা, বিশেষ করে নির্ভয়া ও অভয়া-সহ বিভিন্ন ঘটনার শিক্ষা থেকেই এই পরিষেবা চালু করা হয়েছে। যদিও তিনি স্বীকার করেন, এখনও পরিকাঠামো ও জনবলের কিছু ঘাটতি রয়েছে। তবে ধাপে ধাপে সেই অভাব দূর করে পরিষেবাকে আরও শক্তিশালী করা হবে।
পুলিশের উদ্দেশে তিনি বলেন, এমনভাবে দায়িত্ব পালন করতে হবে যাতে সাধারণ মানুষের অভিযোগের সুযোগ না থাকে। আইন মেনেই নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেন, প্রশাসনিক কাজে কোনও হস্তক্ষেপ করা হবে না। পাশাপাশি রাজ্যের পুলিশকে দেশের অন্যতম সেরা বাহিনীতে পরিণত করার লক্ষ্যের কথাও তুলে ধরেন তিনি।
আগামী বাজেটে আরও জরুরি পরিষেবার গাড়ি কেনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর লক্ষ্য, অন্য রাজ্যে যেখানে পুলিশ গড়ে ছয় মিনিটে ঘটনাস্থলে পৌঁছয়, সেখানে পশ্চিমবঙ্গ পুলিশ পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিষেবা দেওয়ার সক্ষমতা অর্জন করবে।