পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আন্তর্জাতিক কেরিয়ার কি শেষের পথে? চলতি বিশ্বকাপে পর্তুগালের অভিযান শেষ হলেই কি জাতীয় দলের জার্সি তুলে রাখবেন তিনি? এমনই জল্পনা ছড়িয়ে পড়েছে রোনাল্ডোর বড় বোন কাটিয়া আভেইরোর এক মন্তব্যকে ঘিরে।
টরন্টোতে পর্তুগালের বিশ্বকাপের নকআউট ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কাটিয়া আভেইরো জানান, তাঁর বিশ্বাস এই বিশ্বকাপই হবে পর্তুগাল জার্সিতে রোনাল্ডোর শেষ টুর্নামেন্ট। তিনি বলেন, বিশ্বকাপের পর ভাই জাতীয় দলকে বিদায় জানাতে পারেন। তাই সমর্থকদের প্রতি তাঁর আহ্বান, রোনাল্ডোকে যতদিন মাঠে দেখা যাচ্ছে, প্রতিটি মুহূর্ত উপভোগ করে নিতে।
কাটিয়ার এই মন্তব্য সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যেই ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ৪১ বছর বয়সি রোনাল্ডো। তাঁর গোলই পিছিয়ে থাকা পর্তুগালকে সমতায় নিয়ে আসে। কিন্তু ম্যাচের ফলের চেয়েও বেশি চর্চা শুরু হয় তাঁর অবসরের এই ইঙ্গিত নিয়ে।
বিশ্ব ফুটবলের অন্যতম সফল খেলোয়াড় রোনাল্ডো ইতোমধ্যেই অসংখ্য রেকর্ড নিজের দখলে নিয়েছেন। চলতি বিশ্বকাপ তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগালের হয়ে তিনি সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং জাতীয় দলের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তাঁর দখলে।
তবে রোনাল্ডোর অবসর নিয়ে তৈরি হওয়া জল্পনার মধ্যেই পরে তিনি নিজেই ইঙ্গিত দেন, ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি। তিনি স্পষ্ট করে বলেন, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি আবেগের বশে নেবেন না এবং সময় হলে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি নিজেই জানাবেন সব। ফলে রোনাল্ডোর সম্ভাব্য অবসর নিয়ে অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি।
আপাতত রোনাল্ডোর চোখ বিশ্বকাপে তাদের পরবর্তী পরীক্ষা স্পেন ম্যাচের দিকে, যা হবে সোমবার ডালাসে। তার আগে অবশ্য বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নাটকীয় ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল। তবে ম্যাচের চেয়ে বেশি আলোচনা হয় ভিএআরের একাধিক সিদ্ধান্ত নিয়ে। ম্যাচ শেষে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ স্বীকার করে নেন, তাঁর দল এই ব্যাপারে ভাগ্যবান ছিল। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ভিএআরের প্রতিটি সিদ্ধান্তই ছিল সঠিক।
টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ইভান পেরিশিচের গোলে পিছিয়ে পড়ে পর্তুগাল। পরে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অতিরিক্ত সময়ে গনজালো রামোসের গোলে জয় নিশ্চিত করে পর্তুগাল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া সমতা ফেরালেও ভিএআরের সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়ে যায়, যা ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মার্তিনেজ বলেন, “আমরা ভাগ্যবান ছিলাম। কিন্তু আমার মনে হয়, রেফারির সিদ্ধান্তগুলো একেবারেই স্পষ্ট ছিল। পেনাল্টিটা স্পষ্ট ছিল, অফসাইডটাও স্পষ্ট ছিল।”ক্রোয়েশিয়ার প্রতি সহানুভূতি জানিয়ে তিনি আরও বলেন, ‘ক্রোয়েশিয়ার জন্য খারাপ লাগছে। ওরা অসাধারণ একটি ম্যাচ খেলেছে। এমন ম্যাচে হেরে বিদায় নেওয়া সহজ নয়।’
মার্তিনেজের মতে, নকআউট পর্বের ম্যাচগুলো সব সময়ই মানসিকভাবে কঠিন। তিনি বলেন, ‘এ ধরনের ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হয়। কখনও কখনও ভাগ্যেরও সহায়তা প্রয়োজন হয়। তবে দল যেভাবে চাপ সামলেছে, তাতে আমি গর্বিত।’ কোচের দাবি, প্রযুক্তির সাহায্যে নেওয়া সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়াই উচিত। তাঁর কথায়, “এগুলো ভাগ্যের সিদ্ধান্ত নয়। প্রযুক্তি আছে বলেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে।”
এদিকে ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার কোচ স্লাতকো দালিচ রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
তবে মার্তিনেজ সেই বিতর্কে না জড়িয়ে বলেন, ‘আমি বুঝতে পারি, এমন হারের পর হতাশা থাকবেই। কিন্তু আমি বিশ্বাস করি, আজ সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে।’এই জয়ের ফলে শেষ ষোলোয় স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচ নিয়ে মার্তিনেজ বলেন, ‘স্পেন দুর্দান্ত একটি দল। আমরা জানি সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে আমরা প্রস্তুত থাকব এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’