উস্কানিমূলক মন্তব্যের জেরে শুভেন্দুর বিরুদ্ধে মামলা সিপিএম যুবনেতার

প্রতিনিধিত্বমূলক চিত্র

উস্কানিমূলক ও সংবিধানবিরোধী মন্তব্য করায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের সিপিএম যুবনেতার। মঙ্গলবার রাতে বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন সিপিএম যুবনেতা সৈনিক সুর। তাঁর অভিযোগ, বিরোধী দলনেতা শুধু রাজনৈতিক দিক থেকে নয়, সাম্প্রদায়িক বৈষম্য ও ঘৃণা উস্কে দেওয়ার মতো মন্তব্য করেছেন। বুধবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভবানীপুর থানায় আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে।

সিপিএম যুবনেতা বক্তব্য়, মঙ্গলবার সকালে বালিগঞ্জ অঞ্চলে শরৎ বোস রোডে দোল উৎসবের একটি অনুষ্ঠানে এসে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখার সময় অত্যন্ত ঘৃণ্য সংবিধান বিরোধী মন্তব্য করেন। তিনি বলেন ‘নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না, হিন্দুস্তানে হিন্দুদের রাজত্ব চলবে।’ সৈনিকের অভিযোগ, এই মন্তব্য আমাদের দেশের সংবিধান বিরোধী।

মানুষের ধর্ম পালনের অধিকার ও ধর্মনিরপেক্ষতা বিরোধী। এই মন্তব্যের বিরুদ্ধেই মঙ্গলবার বালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন সৈনিক। বিরোধী দলনেতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে জনসাধারণের মধ্যে অস্থিরতা ও বিক্ষোভের সৃষ্টি করেছে। শুভেন্দুর এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন সিপিএম যুবনেতা সৈনিক সুর।