রথযাত্রা নিয়ে ম্যাপিং শুরুর নির্দেশ সিপির

Image: ANI

রথ ও দুর্গাপুজোকে সামনে রেখে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি শুরু করল কলকাতা পুলিশ। শহরের কোন কোন রাস্তায় কটি রথযাত্রা বের হয় তা ম্যাপিং করার জন্য থানাগুলিকে নির্দেশ দিলেন পুলিশ কমিশনার অজয় নন্দা। সেইসঙ্গে, প্রতিটি থানার ওসিকে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করারও নির্দেশ দেওয়া হয়েছে। রথের মেলা যাতে নির্বিঘ্নে হয়, সে দিকেও বিশেষ নজর রাখতে বলেছে লালবাজার। একই সঙ্গে এখন থেকেই দুর্গাপুজোর আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলিকে।

মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে শহরের সমস্ত থানার ওসি এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার। ইতিমধ্যেই জগন্নাথদেবের স্নানযাত্রা হয়ে গিয়েছে। এবার রথযাত্রাকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। বৈঠকে কমিশনার নির্দেশ দেন, শহরের প্রতিটি রথযাত্রার রুট চিহ্নিত করতে হবে। কোথাও নতুন করে রথযাত্রার আয়োজন হচ্ছে কি না, তাও খতিয়ে দেখতে হবে। অনেক ক্ষেত্রে স্থানায় বাসিন্দা বা কোনও পরিবার উদ্যোগ নিয়ে রথযাত্রার আয়োজন করে থাকে। প্রয়োজন অনুযায়ী প্রতিটি রথযাত্রার সঙ্গে পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও রাখা হবে। পাশাপাশি, আয়োজকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় সমন্বয় গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের রথযাত্রায় কোথাও কোনও সমস্যা তৈরি হয়েছিল কি না, তা পর্যালোচনা করে এ বছর যাতে সেই রকম পরিস্থিতি না হয়, সেদিকেও নজর দিতে বলা হয়েছে। যে সব রাস্তা দিয়ে রথ চলবে, সেগুলির অবস্থা খতিয়ে দেখে প্রয়োজন হলে দ্রুত মেরামতির জন্য্ কলকাতা পুরসভার সঙ্গে সমন্বয় করার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া শহরের সমস্ত রথের মেলার তালিকা প্রস্তুত করে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পরিকল্পনা করতে বলা হয়েছে। যাতে কোথাও আইন-শঙ্খলার অবনিত না ঘটে।


রথযাত্রার পাশাপাশি আসন্ন দুর্গপুজোর প্রস্তুতিও এখন থেকেই শুরু করতে চলেছে লালবাজার। প্রতিটি থানাকে নিজেদের এলাকার পুজো কমিটিগুলির বিষয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। অতীতে কোনও পুজোকে কেন্দ্র করে বিতর্ক বা আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি হয়েছিল কি না, কিংবা এ বছর তেমন আশঙ্কা রয়েছে কি না, তা আগাম খতিয়ে দেখতে বলা হয়েছে। কোথাও পুজো কমিটির নেতৃত্বে পরিবর্তন হয়েছে কি না, নতুন দায়িত্বপ্রাপ্তরা কারা এবং ক্লাব বা কমিটি নিয়ে কোনও বিরোধ রয়েছে কি না,সে বিষয়েও খোঁজ নিতে হবে।পাশাপাশি, কোন পুজোয় কতটা জনসমাগম হতে পারে, তারও আগাম মূল্যায়ন করে সেই অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।