কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না আদালত, তৃণমূলের মামলা খারিজ করে দিল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট। ফাইল চিত্র

রাজ্যে নির্বাচন ঘোষণার পর বিভিন্ন প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো নিয়ে দায়ের হওয়া মামলাগুলি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকের অপসারণের পাশাপাশি বিডিও ও থানার ওসি-দের বদলি নিয়েও করা মামলাও একইসঙ্গে খারিজ হয়।

আইনজীবী অর্ককুমার নাগ জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তাঁর পক্ষে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি কমিশনের ক্ষমতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি ছিল, সংবিধানের অনুচ্ছেদ ৩২৪ কমিশনকে ক্ষমতা দিলেও তা সীমাহীন নয় এবং এই ধরনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, ১৫ মার্চ ভোট ঘোষণার পরপরই মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে সরিয়ে দেয় কমিশন। পরে আরও বহু আধিকারিক ও পুলিশকর্তাকে বদলি করা হয়। একদিনেই ২৬৭ জন বিডিও ও ওসি-কে অপসারণ করা হয়। অন্যদিকে, নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই পরিস্থিতি অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালত কমিশনের এই যুক্তিকেই মান্যতা দেয়।