সোমবার রাতে কল্যাণীর সেন্ট্রাল পার্ক এলাকায় ওয়ার্ড অফিসে ঢুকে ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা পুর পারিষদ সদস্য অরূপ মুখোপাধ্যায়কে বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল।
অভিযোগ, সোমবার রাতে ওয়ার্ড অফিসে বসে কাজ করছিলেন অরূপ মুখোপাধ্যায়। হঠাৎ ১০-১২ জন দুষ্কৃতী তাঁর ওয়ার্ড অফিসে
ঢুকে তাঁকে বেধড়ক মারধর করে এবং বন্দুকের বাট দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি ওয়ার্ড অফিসেও
ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
আহত কল্যাণী পুরসভার তৃণমূল কাউন্সিলর অরূপ মুখোপাধ্যায় বলেন, ওয়ার্ড অফিসে বসে কাজ করছিলাম। আচমকা ১০-১২ জন দুষ্কৃতী ওয়ার্ড অফিসে ঢুকে আমাকে মারধর করে। বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেয়। এরা কারা আমি জানি না। চিনতেও পারিনি কাউকে।
তিনি আরও বলেন, ওয়ার্ড অফিসও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা।এই ঘটনায় বিজেপি নেতা সব্যসাচী মুখোপাধ্যায় বলেন, বাইরে থেকে দুষ্কৃতীরা কল্যাণীতে ঢুকে হামলা চালাচ্ছে। এটা কাম্য নয়। অরূপ মুখোপাধ্যায় একজন রাজনীতিবিদ। তার উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। পুলিশকেও বলা হয়েছে এর তদন্ত করা হোক। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।
এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন তৃণমূলের কর্মী, সমর্থক থেকে কাউন্সিলররা। পুলিশ সূত্রে খবর, অরূপ মুখোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। কী কারণে এই হামলা তা জানতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।