মমতার ভাইয়ের বিরুদ্ধে ‘জনতার দরবারে’ শুভেন্দুর কাছে অভিযোগ

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখল রাখার অভিযোগ তুললেন ৮০ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা রঞ্জনা হাজরা। প্রায় ২৭ বছর ধরে মমতার ভাই অজিত বন্দ্যোপাধ্যায় তাঁর পৈতৃক সম্পত্তি দখল করে রাখার অভিযোগে সরব হয়েছেন তিনি। এদিন নিজের সম্পত্তি ফেরত পাওয়ার আশায় ‘জনতার দরবার’-এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরর দ্বারস্থ হন তিনি। অভিযোগকারিণীর দাবি, মুখ্যমন্ত্রী তাঁর অভিযোগ গুরুত্ব সহকারে শুনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা সরাসরি শোনার জন্য জনতারর দরবার কর্মসূচি চালু করেছেন শুভেন্দু অধিকারী। সপ্তাহে নির্দিষ্ট দিনে তিনি রাজ্যবাসীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁদেরর সমস্যা জানার চেষ্টা করছেন।বুধবার সেই কর্মসূচিতে হাজির হন ক্যানসার আক্রান্ত রঞ্জনা হাজরা।

রঞ্জনার অভিযোগ, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তাঁর পরিবারের কয়েকটি পৈতৃক সম্পত্তি রয়েছে। ১৯৯৯ সাল থেকে অজিত বন্দ্যোপাধ্যায় সেগুলি দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে তাংর দাবি। অভিযোগ, একটি সম্পত্তি দখল করে সেখানে প্রথমে ব্যবসা শুরু করা হয় এবং পরে সেখানে বাড়ি নির্মাণ করা হয়। পাশাপাশি আরও কয়েকটি সম্পত্তির উপরও দীর্ঘদিন ধরে দখলদারির চেষ্টা চলেছে, যার মধ্যে কিছু ক্ষেত্রে সফলও হয়েছেন বলে অভিযোগ।


তিনি আরও দাবি করেন, এই দখলের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁকে একাধিকবার হেনস্থা ও হামলার মুখে পড়তে হয়েছে। রঞ্জনা হাজরা জানিয়েছেন, ২০১৭ সালে ১২-১৩ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের একটি সম্পত্তি দখল করে সেখানে ব্যবসা শুরু করা হয়। তিনি আরও জানান, এর আগে বহুবার পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। তবে কোনও সুরাহা হয়নি বলে তাঁর দাবি। তাই বর্তমা পরিস্থিতিতে নতুন করে ন্যায়বিচারের আশা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন তিনি।

রঞ্জনা হাজরার কথায়, ‘আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্ত বিষয় বিস্তারিত জানিয়েছি। লিখিত অভিযোগ জমাও দিয়েছি। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই করতে লোক পাঠানোর কথাও বলেছেন। এবার সমস্যার সমাধান হবে বলে আশা করছি।