নির্বাচনের আগে নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। অভিযোগ—তিনি মনোনয়ন জমা দেওয়ার দিন শাসকদলের এক নেতাকে পুলিশের গাড়িতে করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে দেন।সোমবারের প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। ওইদিন নৈহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী সনৎ দে মনোনয়ন জমা দিতে বারাকপুরের মহকুমা শাসকের দপ্তরে যান।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। অভিযোগ, অশোকবাবু নিজের ব্যক্তিগত গাড়ির বদলে পুলিশের গাড়িতে করেই সেখানে পৌঁছন এবং সেই গাড়িটি নৈহাটি থানার আইসি মহাবীর বেরার বলে দাবি করা হচ্ছে। এমনকি আইসি নিজেই তাঁকে পৌঁছে দেন বলেও অভিযোগ উঠেছে।
এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় পুলিশের গাড়ি থেকে অশোক চট্টোপাধ্যায় নামছেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান। তবুও তা ঘিরে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধে। বিজেপি নেতা অর্জুন সিং ভিডিওটি শেয়ার করে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।
অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে মহাবীর বেরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে কমিশনের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।