আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা ও নজরদারিতে কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফার ভোটকে সামনে রেখে রাজ্যের প্রতিটি জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথের বিস্তারিত তালিকা চেয়ে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। কমিশনের অন্দরের ব্যাখ্যা, এই তালিকাই হবে পরবর্তী প্রস্তুতির মূল ভিত্তি। কোন কোন এলাকায় অতিরিক্ত নজরদারি প্রয়োজন, কোথায় নিরাপত্তা জোরদার করতে হবে—সবটাই নির্ধারিত হবে জেলা থেকে আসা রিপোর্টের উপর নির্ভর করেই।
বিশেষ করে প্রযুক্তিনির্ভর নজরদারিতে এবার বাড়তি গুরুত্ব দিচ্ছে কমিশন। স্পর্শকাতর বুথের তালিকা হাতে পেলেই ঠিক করা হবে, দুই দফার নির্বাচনে মোট কত ড্রোন মোতায়েন করা হবে। একই সঙ্গে বুথের ভিতরে ও বাইরে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো, এমনকি বিভিন্ন মোবাইল ভ্যানে নজরদারির ব্যবস্থা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, এই রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা জমা দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। কারণ, এই তথ্যের উপর ভিত্তি করেই চূড়ান্ত নিরাপত্তা নকশা তৈরি করবে কমিশন।
সব মিলিয়ে, স্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিত করে কড়া নজরদারির মাধ্যমে এবারের নির্বাচনকে ১০০ শতাংশ অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।