উত্তর ২৪ পরগনার অশোকনগরে খনিজ তেল উত্তোলনের স্বপ্ন বাস্তবের পথে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী জুলাই মাস থেকেই বাইগাছিতে ওএনজিসির প্রকল্পে বাণিজ্যিকভাবে অপরিশোধিত তেল উৎপাদন শুরু হবে। একইসঙ্গে ভবিষ্যতে প্রাকৃতিক গ্যাস উৎপাদনেরও পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প সফল হলে অশোকনগর দেশের জ্বালানি মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করবে।
এ পর্যন্ত অশোকনগরে মোট সাতটি কূপ খনন করেছে ওএনজিসি। প্রথম পর্যায়ে বাইগাছির একটি কূপ থেকেই তেল উত্তোলন শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপশি ভুরকুন্ডা, দৌলতপুর-সহ আশেপাশের এলাকাতেও খননকাজ চলছে। ভবিষ্যতে সেখান থেকেও তেল উৎপাদনের পরিকল্পনা রয়েছে। রানাঘাটেও খনিজ তেলের সন্ধান মিলেছে।
পুরো প্রকল্পে ইতিমধ্যেই প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ২০১৮ সালে বাইগাছিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়। ২০২০ সালে পরীক্ষামূলকভাবে প্রায় ৩৭৫ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা হয়েছিল। বিশেষজ্ঞদের দাবি, এখানকার তেলের মান দেশের অন্যতম বৃহৎ তেলক্ষেত্র ‘বম্বে হাই’-এর সমতুল্য, এমনকি কিছু ক্ষেত্রে আরও উন্নত।
ওএনজিসি সূত্রে জানা গিয়েছে, উত্তোলিত অপরিশোধিত তেল পরিশোধনের জন্য হলদিয়ার ইন্ডিয়ান অয়েল রিফাইনারিতে পাঠানো হবে। বর্তমানে প্রায় ২,৪৫০ মিটার গভীর পর্যন্ত কূপ খননের কাজ চলছে, যার মধ্যে ২,০০৬ মিটারের বেশি খনন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ১৫০ মিটার করে খনন হচ্ছে। উৎপাদন শুরু হলে আধুনিক ‘পাম্প জ্যাক’ এবং অন্যান্য যন্ত্রের সাহায্যে নিয়মিত তেল তোলা হবে। প্রকল্পে বর্তমানে দুই শিফটে শতাধিক কর্মী কাজ করছেন।
নিরাপত্তার স্বার্থে প্রকল্প এলাকা পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে। তবে ভারী যন্ত্রপাতি পরিবহনের সুবিধার জন্য প্রকল্প এলাকা থেকে হাবড়া-নৈহাটী সড়ক পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ এবং প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের কাজও চলছে। অশোকনগরে খনিজ তেল উত্তোলনকে ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে উত্তর ২৪ পরগনা জুড়ে।