গ্যাসের সঙ্কটে পদ কমাল রেস্তরাঁ ও হোটেল, বিপাকে ব্যবসায়ীরা

প্রতীকী চিত্র

বাণিজ্যিক গ্যাসের সঙ্কট এবং দাম বৃদ্ধির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রেস্তরাঁ ও হোটেল ব্যবসায়ীরা চরম সমস্যায় পড়েছেন। গ্যাস না মেলায় অনেকেই খাবারের মেনুতে কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি অব্যাহত থাকলে ব্যবসা বন্ধ করার আশঙ্কাও প্রকাশ করেছেন কয়েকজন মালিক।

আলিপুরদুয়ার শহরের থানা রোডের ধারের একটি জনপ্রিয় রেস্তরাঁয় প্রতিদিন ভিড় লেগেই থাকে। কিন্তু বাণিজ্যিক গ্যাসের সঙ্কটের কারণে রান্নার পদের সংখ্যা কমিয়ে দিতে হয়েছে মালিককে। আগে যেখানে ১৫ থেকে ১৬ রকম পদ রান্না হত, এখন সেখানে ১০টিরও কম পদ তৈরি হচ্ছে। হোটেল মালিকদের অভিযোগ, আগে প্রায় ১৮০০ টাকায় যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পাওয়া যেত, এখন তা ২৫০০ থেকে ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে। তবু সহজে মিলছে না সিলিন্ডার। ফলে রান্না চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

আলিপুরদুয়ারের এক পরিচিত হোটেল মালিকের কথায়, তাঁদের প্রতিদিন দু’টি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার লাগে। এখন তা পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আটটি পদ রান্না কমিয়ে দিতে হয়েছে। এইভাবে ব্যবসা চালানো সম্ভব নয়। গ্যাসের দাম বাড়লেও খাবারের দাম বাড়ানো যাচ্ছে না। দাম বাড়ালে গ্রাহকদের অভিযোগ আসছে। এভাবে পরিবার কীভাবে চলবে, কর্মীদের কী হবে, তা চিন্তার বাইরে। আরেক হোটেল মালিক জানান, পরিস্থিতি খুবই খারাপ। গ্যাস না পাওয়ায় অনেক পদ বাতিল করতে হয়েছে। এতে ব্যবসায় বড় ক্ষতি হচ্ছে। এইভাবে ধাবা বা হোটেল চালানো সম্ভব নয়।


এ বিষয়ে আলিপুরদুয়ারের একটি গ্যাস পরিষেবা কেন্দ্রের কর্ণধার সুজিত সাহা জানান, বর্তমানে অগ্রাধিকার দিয়ে কলেজ ও হাসপাতালগুলিতে বাণিজ্যিক গ্যাস সরবরাহ করার নির্দেশ রয়েছে। সেই কারণে অন্যান্য জায়গায় পর্যাপ্ত সিলিন্ডার দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে অনেক জায়গায় সমস্যা তৈরি হয়েছে। হোটেল ও রেস্তরাঁ মালিকদের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে উত্তরবঙ্গের বহু ছোট-বড় খাবারের ব্যবসা মারাত্মক সংকটে পড়তে পারে।