রবিবার ২০ সেপ্টেম্বর পুরুলিয়ায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদিবাসী কুড়মি সমাজের উদ্যোগে আয়োজিত ‘করম পরবতিয়া মহা জুড়ুআহি’ কর্মসূচিতে যোগ দিতে তাঁর পুরুলিয়া সফর। পুরুলিয়া ১ নম্বর ব্লকের টামনা থানার কড়াডি মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আকাশপথে কড়াডি মাঠে পৌঁছে করম নাচের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বাংলা ছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশা-সহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি এবং কুড়মি সমাজের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। আয়োজকদের দাবি, প্রায় ৪০ হাজার করম নাচের দল এই অনুষ্ঠানে অংশ নেবে। করম উৎসবের অনুষ্ঠান শেষে পুরুলিয়া শহরের সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। এরপর রবীন্দ্র ভবনে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কর্মসূচিও রয়েছে।
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শনিবার কড়াডি মাঠে হেলিকপ্টারের ট্রায়াল রান হয়। এদিন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-সহ বিজেপি বিধায়ক, দলীয় নেতা-কর্মী এবং কুড়মি সমাজের নেতৃত্বরা। অনুষ্ঠান সফল করতে মাঠ, যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়।
এদিকে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জেলার বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থাতেও বিশেষ নজর দেওয়া হয়েছে।