রাত পোহালেই মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

Suvendu Adhikari Murshidabad Visit Photo-SNS

রাত পোহালেই মুর্শিদাবাদ সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার বহরমপুরের অন্তর্গত কর্ণসুবর্ণ রেলগেটে ভয়াবহ দুর্ঘটনায় চারজন শিশু-সহ পাঁচজনের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় রেলের চরম ব্যর্থতা সামনে আসে। তোলপাড় হয়ে যায় রাজ্য। ঝড় ওঠে সমালোচনার। এবার মৃতের পরিবারগুলির সঙ্গে দেখা করতেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ যাচ্ছেন বলে সূত্রের খবর। বহরমপুর থানার অন্তর্গত গোবিন্দপুরে মৃতের পরিবারগুলির সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী বলে জানা গিয়েছে।

এদিকে যেখানে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল সেখানেও মুখ্যমন্ত্রী পরিদর্শনে যেতে পারেন বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর এই সফরের আগেই জেলাজুড়ে শুরু হয়েছে জোর তৎপরতা। কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। জেলা পুলিশ সুপার থে্কে শুরু করে বিজেপির জেলার নেতা-কর্মীরা গোটা এলাকা চষে ফেলেছেন। কারা তাঁর সঙ্গে যাবেন সেটাও ঠিক হয়ে গিয়েছে। কর্ণসুবর্ণ গোবিন্দপুর এলাকা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার-সহ প্রশাসনিক আধিকারিকরা। সেখানে বিস্তারিত আলোচনা হয় নিরাপত্তা নিয়েও।

অন্যদিকে গত শুক্রবার সকালে কাটোয়া আজিমগঞ্জ শাখায় রেল লাইনের বহরমপুর থানার গোবিন্দপুর এলাকায় রেলগেট খোলা থাকায় ঢুকে পড়ে একটি পুলকার। তখন ধাক্কা মারে প্যাসেঞ্জার ট্রেন। ওই রেল দুর্ঘটনায় মৃত্যু হয় চার পড়ুয়া এবং এক সাইকেল আরোহীর। এই ঘটনায় গুরুতর আহত হয় আরও তিন পড়ুয়া এবং ওই পুলকারের চালক। ভয়াবহ এই দুর্ঘটনার পরই মৃত এবং আহতদের পরিবারের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকী অভিযুক্ত গেটম্যানকে গ্রেপ্তারেরও নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ফুলের মতো ছোট ছোট ছেলেমেয়ে প্রাণ হারিয়েছে। কিছু বলার মতো ভাষা নেই। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এটা ক্ষমার অযোগ্য অপরাধ।’


তাছাড়া এবার মৃত ও আহত পরিবারের সঙ্গে দেখা করতে মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে মুর্শিদাবাদ পৌঁছবেন। তারপর বহরমপুর থানায় পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় কি পদক্ষেপ বা তদন্ত কোন পর্যায়ে রয়েছে সে নিয়েও পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। রেলের পক্ষ থেকেও পৃথকভাবে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পরেই ঘটনাস্থলে যান এডিআরএম-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্তকারী দল। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তাঁরা। ওই বিষয়েও খোঁজখবর নিতে পারেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।