পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার। সেই সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। এই ১০০ দিনে শুভেন্দু অধিকারীর সরকার কেমন কাজ করল? রাজ্য-রাজনীতিতে এখন এটাই বড় প্রশ্ন হয়ে উঠেছে। তবে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তিতে জঙ্গলমহলবাসীকে বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পুরুলিয়ার মানবাজারে জাপানের সংস্থা ‘জাইকা’-র আর্থিক সহযোগিতায় ১২৯৬.২৫ কোটি টাকা ব্যয়ে প্রস্তুত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। ৮৮৯.০৬ কোটি টাকার জাপানি অনুদানে গড়ে ওঠা এই প্রকল্পের মাধ্যমে জেলার ৫টি ডেভেলপমেন্ট ব্লক এবং পুরুলিয়া পুরসভার মোট ৮৭,২৭১টি পরিবারের ৮ লক্ষ ১৩ হাজার মানুষ দৈনিক জনপ্রতি ৭০ লিটার পরিশোধিত পানীয় জল পাবেন।
এদিকে মনসা পুজো উপলক্ষ্যে মঙ্গলবার পুরুলিয়া এবং বাঁকুড়ায় সরকারি ছুটি ঘোষণা করেছে শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্যে প্রথমবার এই ছুটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে ৩৯,০০০ কোটি টাকার নতুন চুক্তির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ১০০ দিন এই সরকার কেমন কাজ করল সেটা নিজে মুখেই জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে জুলাই মাসের ৩,০০০ টাকা করে ভাতা সরাসরি জমা পড়েছে। আগস্ট মাস থেকে বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। স্বাস্থ্যের অধিকারে রাজ্যজুড়ে ‘আয়ুষ্মান ভারত’ ও ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’ করা হয়েছে। যা দেড় কোটির বেশি পরিবারকে প্রত্যেক বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুরক্ষা দেবে। প্রাথমিক স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ ১০ টাকা করা হয়েছে এবং হাসপাতালে রোগীদের দৈনিক খাদ্য বরাদ্দ ৫৬.৪০ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে।’
অন্যদিকে রাজ্যে শিল্পের পরিস্থিতি তৈরি করা হয়েছে। পিএসসি, এসএসসি পরীক্ষার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। বকেয়া মহার্ঘভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একাধিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এই সব করার পরও মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, ‘২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে স্কুল সার্ভিস কমিশন, পিএসসি ও পুলিশের মাধ্যমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে প্রায় ১ লক্ষ নতুন নিয়োগ হবে। আর জঙ্গলমহলে ৩০ লক্ষ নতুন প্রধানমন্ত্রী আবাসের বাড়ি তৈরি হবে। বিকশিত ভারত প্রকল্পের মাধ্যমে ১২৫ দিনের নিশ্চিত কাজের সুযোগ চালু হচ্ছে। যেখানে শ্রমিকরা বছরে ৩৪,৫০০ টাকা পাবেন।’
তাছাড়া ৯ মে, ২০২৬ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। আর এক বছর বাদে মুখ্যমন্ত্রীত্বের একবছর পূর্ণ হলে সাধারণ মানুষের সামনে পরীক্ষা দেবেন। সোমবার পুরুলিয়ার মানবাজারে জলপ্রকল্পের উদ্বোধনে গিয়ে একথাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, ‘৯ মে আমার এক বছর পূর্ণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসব। পরীক্ষায় আপনারা আমায় নম্বর দেবেন। ১০-এর মধ্যে ৯ না পেলে ক্ষমা স্বীকার করে নেব। কিন্তু আপনারাই বলবেন যে সঠিক লোককে, সঠিক দলকে দায়িত্ব দিয়েছি। বিশ্বাস, ভরসা রাখুন।’ রঘুনাথপুরে অমিত মেটালিকস সংস্থার লৌহ ইস্পাত কারখানার উদ্বোধন করে শুভেন্দু অধিকারীর দাবি, ‘এই সংস্থা কথা দিয়েছে জঙ্গলমহলের অদক্ষ কর্মীদের কাজ দেওয়া হবে। যদি নম্বর না পাই মেনে নেব যে না, আমি পারলাম না। কিন্তু আমি জানি আপনারাই বলবেন যে না, আমি ভুল লোককে ঠিক করিনি, সঠিক দলকে, সঠিক লোককে ঠিক করেছি। সময় দিন, কেন্দ্র-রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণের কাজ করব।’