হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, শারীরিক অবস্থা দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari Actor Mithun Chakraborty Photo-SNS

প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী তথা বিজেপি নেতা অসুস্থ হয়ে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর হাতে অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি স্থিতিশীল আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। বৃহস্পতিবার রাতে ভর্তি হয়েছিলেন তিনি। আর শুক্রবার তাঁকে কাজের ব্যস্ততার মধ্যে দেখতে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। খোঁজ নেন তাঁর শারীরিক অবস্থার।

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালে গিয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করার সময় তাঁর সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরে তিনি সমাজমাধ্যমে হাসপাতাল দু’জনের সাক্ষাতের ছবিও শেয়ার করেন। মুখ্যমন্ত্রী অভিনেতাকে দেখে এসে সাংবাদিকদের জানান, মিঠুন চক্রবর্তী একদম সুস্থ আছেন। তাঁর হাতে একটা অপারেশন হয়েছে। শুক্রবার বিকেলেই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে। তারপর অভিনেতা নিউটাউনের বাড়িতে চলে যাবেন। দু’বছর আগে হাতে চোট পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তখন অস্ত্রোপচার করে তাঁর ডান হাতে প্লেট বসানো হয়েছিল। বৃহস্পতিবার সেই প্লেট বের করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে সক্রিয়ভাবে প্রচার করেছিলেন মিঠুন চক্রবর্তী। বয়সজনিত শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি একাধিক জেলায় সভা এবং রোড শো করেছিলেন। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। সব ঠিক থাকলে তাঁকে হাসপাতাল থেকে দ্রুত ছেড়ে দেওয়া হতে পারে।


তাছাড়া এই বিশিষ্ট অভিনেতার সঙ্গে সাক্ষাতের পর একঝাঁক ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে মুখ্যমন্ত্রী লেখেন, ‘বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, বিজেপির কেন্দ্রীয় সমিতির অন্যতম সদস্য সম্মানীয় মিঠুন চক্রবর্তী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি রয়েছেন। তাঁকে দেখতে এদিন হাসপাতালে গিয়েছিলাম। ওঁর সঙ্গে কথা বললাম, ওঁর শারীরিক পরিস্থিতির খবর নিলাম। করুণাময় ঈশ্বরের কাছে ওঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।’