এবার পাঁচ টাকায় সপ্তাহে দুদিন মিলবে মাছ-ভাত, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। বিধানসভা নির্বাচনে এই প্রচার করেছিল তৃণমূল কংগ্রেস। সেটা যে বাস্তবে সত্য নয় সেটা রবিবার প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সপ্তাহে দুদিন পাঁচ টাকার বিনিময়ে মাছ-ভাত খেতে পারবেন আপামর বাঙালি। রবিবার এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিকে আগে তৃণমূল কংগ্রেস সরকার মা ক্যান্টিন চালু করে পাঁচ টাকায় ডিম-ভাত দেওয়া হতো। সেই প্রকল্পের নাম পরিবর্তন করা হয়েছে। বিজেপি সরকারের নতুন নাম মা আহার। সেখানে ডিম-ভাত তো মিলবেই। সপ্তাহে দুদিন পাঁচ টাকার বিনিময়ে মাছ-ভাত মিলবে। আর সেটা মিলবে আগামী সপ্তাহ থেকেই। এটাই বড় খবর হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা বলেছিল মাছ খাওয়া যাবে না বিজেপি এলে। আগামী সপ্তাহ থেকে দুদিন মাছ পাবে মানুষ মা আহার থেকে পাঁচ টাকার বিনিময়ে।’

অন্যদিকে পাঁচ টাকায় সপ্তাহে দুদিন মাছ-ভাত পাওয়া যাবে তা আগেই জানিয়ে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কিন্তু তা কবে থেকে মিলবে সেটা জানাননি তিনি। এবার সেটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে শুভেন্দু অধিকারী সময় জানিয়ে বললেন, ‘পাঁচ টাকায় মাছ-ভাত তো মিলবেই, কেন্দ্রীয় মন্ত্রীরা সকলে ফোন করে বলছেন প্রধানমন্ত্রীর আদেশ নির্দেশ আছে বাংলাকে দাঁড় করাতে হবে। যাঁরা আসতে পারছেন না তাঁরা ভার্চুয়ালি মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছেন। নলে জল প্রধানমন্ত্রীর প্রকল্প এই রাজ্যে চালু হবে। ৩৯ হাজার কোটি টাকার প্রকল্প চালু হবে।’


এছাড়া আরও বেশ কয়েকটি প্রকল্পের কথাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যা শুনে শহর থেকে গ্রামবাংলার মানুষজন আপ্লুত। রবিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘সোমবার আয়ুষ্মান ভারতের টাকা বরাদ্দ হতে চলেছে এই রাজ্যের জন্য। ১ কোটি ৪৬ লক্ষ পরিবার পাবে আয়ুষ্মান ভারতের সুবিধা। আগামী সপ্তাহ থেকে দুদিন মাছ পাবে মানুষ মা আহার পাঁচ টাকার বিনিময়ে। ইতিমধ্যেই ৫০ লক্ষ অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা।’