‘ডবল ইঞ্জিন’ সরকারের পথেই উত্তরের বিকাশ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari Photo-SNS

উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি শহরের দীর্ঘদিনের যানজটের বিভীষিকা কাটিয়ে অবশেষে সর্বসাধারণের চলাচলের জন্য উদ্বোধন হলো বর্ধমান রোডের নবনির্মিত ফ্লাইওভার। সোমবার বিকেলে ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির দর্শন ও পুজো অর্পণের পর এয়ার ভিউ মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই সেতুর শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর তিনি নিজে হেঁটে সেতুটি পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য অর্থ দপ্তরের মন্ত্রী স্বপন দাশগুপ্ত, পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, সাংসদ রাজু বিস্তা, জেলা শাসক ও পুলিশ কমিশনার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শিলিগুড়ি শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে দ্রুতগামী ও যানজটমুক্ত করে তুলতে ২০১৮ সালে আনুমানিক ৭০ কোটি টাকা খরচে এই ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয়। শিলিগুড়ি পৌরনিগম, রাজ্য পূর্ত দপ্তর এবং ভারতীয় রেলের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। নির্মাণকাজের দীর্ঘ পথচলায় নানা জটিলতা কাটিয়ে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ঠিক আগেই সমস্ত কাজ সম্পন্ন করা হয়। পরিকাঠামোগত সুবিধার পাশাপাশি সেতুটির নতুন রূপও নজর কেড়েছে; এতদিন ফ্লাইওভারের গায়ে থাকা নীল-সাদা রঙের প্রলেপ বদলে এবার পুরো সেতুটি নতুন করে গেরুয়া রঙে সাজিয়ে তোলা হয়েছে।

উদ্বোধনী মঞ্চ থেকে পূর্বতন রাজ্য সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন যে, “বিগত দিনের সরকারের সংঘাতের রাজনীতির কারণেই এই গুরুত্বপূর্ণ প্রকল্পের গতি থমকে গিয়েছিল। কেন্দ্র-রাজ্য টানাটানিতে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি ও কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর ‘চিকেনস নেক’ অঞ্চলের উন্নয়ন এতদিন অবহেলিত থেকেছে। বর্তমান সরকার ‘ডবল ইঞ্জিন’ ও ‘দুয়ারে দুয়ারে উন্নয়ন’ পৌঁছে দিতে বদ্ধপরিকর জানিয়ে তিনি উল্লেখ করেন, গত ৮ মাসে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট দ্বিগুণ করে ২২০০ কোটি টাকা করা হয়েছে এবং উত্তরবঙ্গকে যথাযথ প্রশাসনিক অগ্রাধিকার দিতে এই অঞ্চল থেকে ১০ জন মন্ত্রী নিয়োগ করা হয়েছে।”


উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে রাজ্য সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, হিলি থেকে কোচবিহার রেল প্রকল্প, সীমান্ত সুরক্ষায় জমি প্রদান এবং হাসিমারা ও বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণে প্রয়োজনীয় জমি রাজ্য সরকার সুনিশ্চিত করছে। পাশাপাশি সাধারণ মানুষকে যাতে কাজের প্রয়োজনে কলকাতা দৌড়াতে না হয়, সেজন্য রাজ্য প্রশাসনিক ভবন ‘উত্তরকন্যা’-তেই সিংহভাগ দপ্তরের কাজ স্থানান্তরিত হচ্ছে। রাজ্যে রেলের সঙ্গে যৌথ উদ্যোগে আরও ৫০০টি নতুন ওভারব্রিজ তৈরির পরিকল্পনা চলছে, যার সম্পূর্ণ খরচ রেল বহন করতে রাজি হয়েছে। পরিশেষে, প্রধানমন্ত্রীর ‘বিকাশ ভি হোগা, বিরাসত ভি হোগা’ মন্ত্রে বিশ্বাস রেখে উত্তরবঙ্গের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করার বার্তা দেন তিনি।