‘পুলিশকে আমরা খোলা হাত দিয়ে রেখেছি’, রায়গঞ্জ এনকাউন্টার নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari Photo-SNS

বারুইপুর, গাইঘাটা, ধুলিয়ানের পর আবার এনকাউন্টার রাজ্যে। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পুলিশের হাতে। সোমবার কাকভোরে আব্দুলঘাটা ধর্ষণ এবং খুনকাণ্ডের মূল অভিযুক্তকে এনকাউন্টার করে পুলিশ। নাম দিলীপ রায়(৪৬)। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ গৌরী গ্রাম পঞ্চায়েতের বাংলা-বিহার সীমান্ত এলাকায় অভিযান করে। সেখানেই পুলিশকে দেখে পালানোর চেষ্টা চালায় দিলীপ রায়। পুলিশকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুঁড়তে থাকে। পাল্টা আত্মরক্ষার্থে পুলিশ টিমও দিলীপ রায়কে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অভিযুক্তের। এরপরই দিঘায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যবসায়ী সমিতির কালীপুজোয় গিয়ে খুনি ও ধর্ষকদের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

এদিকে অভিযুক্তকে এনকাউন্টারের পর রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের দেহ হাসপাতালের পুলিশ মর্গে রাখা হয়েছে। আর মুখে রায়গঞ্জের কথা উল্লেখ না করে খুনি-ধর্ষকদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পুলিশকে খোলা ছুট দিয়েছি। যা প্রয়োজন তাই করবে।’ ৩ নভেম্বর থেকে নিখোঁজ থাকার পর ৫ নভেম্বর বিকেলে আব্দুলঘাটা জঙ্গল থেকে এক নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার হয়। ওই নাবালিককে একাধিকবার ধর্ষণ করে খুন করে দিলীপ রায় বলেই অভিযোগ। নাবালিকার পরিবারের পক্ষ থেকে পুলিশে দায়ের হয় অভিযোগ। তারপর হন্যে হয়ে অভিযুক্তের খোঁজ চলে। এই অবস্থায় সোমবার ভোরে জানা যায় অভিযুক্ত বিহারে গা ঢাকা দেওয়ার ছক কষেছে। পুলিশ অভিযুক্তকে পাকড়াও করতে তখন অভিযানে নামে।

অন্যদিকে বাংলা বিহার সীমান্ত এলাকা দিয়ে পালানোর সময় পুলিশ এবং অভিযুক্ত মুখোমুখি হয়ে যায়। পুলিশের হাত থেকে বাঁচতে অভিযুক্ত গুলি চালায়। তারপরই পুলিশের গুলিতে ধরাশায়ী হয় অভিযুক্ত। এই ঘটনায় স্বস্তি নাবালিকার পরিবারে। এদিন ভোরে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতে অভিযুক্ত লুকিয়ে আছে বলে খবর পায় পুলিশ। তখনই শুরু হয় অভিযান। পুলিশকে দেখেই গুলি চালায় অভিযুক্ত দিলীপ রায় বলে অভিযোগ। পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। এনকাউন্টার নিয়ে প্রশ্ন করা হলে জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুলিশ সব অভিযুক্তকে গুলি করে না। যখন কেউ আক্রমণ করে, তখন আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা আক্রমণ করে। মাদক পাচার, ধর্ষণ-খুন এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। তিনটে ক্ষেত্রে পুলিশকে খোলা হাত দিয়েছি, সুপিরিয়দের অনুমতিও নিতে হবে না।’


তাছাড়া রাজ্যে পালাবদলের পর ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্তকে চতুর্থ এনকাউন্টার এটি। আর তা নিয়ে মুখ্যমন্ত্রীর সাফ কথা, ‘এই রাজ্যে আপনাদের কোনও স্থান নেই। নারীসুরক্ষার সঙ্গে কোনও আপস করা হবে না। পুলিশকে আমরা খোলা হাত দিয়ে রেখেছি। যা দরকার তাই করবে। প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে। সেটা হচ্ছে। কিছু লোক এখনও চিমটি কাটছে। কমিউনিস্ট, জঙ্গি, জামাতিরা আছেই। তার সঙ্গে আরশোলা, ছারপোকারাও আছে। তাদের থেকে রাষ্ট্রবাদীদের সতর্ক থাকতে হবে।’