‘ফলতাকে আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তুলব’, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Image: IANS

ফলতা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা জয়ী হন। তারপর এই প্রথম ফলতা সফরে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দক্ষিণ ২৪ পরগনার ফতেপুর ফুটবল মাঠে জনসভা করেন তিনি। সেখান থেকে যোগ দেন শ্রীনাথ ইনস্টিটিউশনের মাঠে জনকল্যাণ শিবিরে। এই সভা থেকেই একদিনে উন্নয়নের বার্তা দেন তিনি। অপরদিকে গুন্ডামি, লুঠপাট, দুর্নীতি এখানে আর হবে না বলেও সাহস জোগান তিনি। এমনকী মঙ্গলবার ফলতায় ‘পুষ্পা’ বাহিনীর তাণ্ডবের ঘটনা নিয়ে ফলতায় দাঁড়িয়ে শাস্তির নিদান দিলেন মুখ্যমন্ত্রী। সিসিটিভি ফুটেজ দেখে খুঁজে বের করে ধরতে হবে বলেও নির্দেশ দিলেন পুলিশকে।

এদিকে বিধানসভা পুনর্নির্বাচনের প্রচারে এসে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ফলতার জন্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করবেন তিনি। সেই কাজ যে চলছে সেটা বুধবার বোঝা গেল মুখ্যমন্ত্রীর কথায়। ফলতা জনকল্যাণ শিবিরের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, ‘ফলতাকে আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তুলব। ফলতায় মহিলা থানা গড়ে তুলে আরও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করা হবে। ফলতা থানায় মহিলাদের জন্য আলাদা হেল্পডেস্ক হবে। ফলতায় আর অশান্তি, দুর্নীতি হতে দেব না।’

অন্যদিকে মঙ্গলবার ফলতায় ‘পুষ্পা’ বাহিনীর তাণ্ডব দেখা গিয়েছিল। তা নিয়ে ফলতায় দাঁড়িয়ে হামলাকারীদের শাস্তির নিদান দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাঁদের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সবাইকে খুঁজে বের করে পাকড়াও করার নির্দেশ দেন পুলিশকে তিনি। বুধবার ফলতায় জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে গুন্ডামি, জঙ্গিপনা, জমিলুট করতে দেব না। যত বড় মাফিয়া, ডন হোক না কেন, সবক শেখাবে রাজ্য সরকার। ফলতায় অনেক দুর্নীতি হয়েছে। গত আমফানে প্রত্যেক ক্ষতিগ্রস্ত বাড়ির মেরামতে ২০ হাজার টাকা করে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দেওয়া হয়েছিল। সেই টাকা চুরি হয়েছে। সেই তালিকা পেয়েছি। তারও ব্যবস্থা হবে। বাংলার বাড়ি প্রকল্পের নামেও ৬০ হাজার টাকা করে ৮,০০০ ইউনিট টাকা কে তুলে নিয়ে চলে গিয়েছেন, সকলে জানেন। সব ব্যবস্থা নেব।’


তাছাড়া মঙ্গলবার ফলতায় জাহাঙ্গির ওরফে ‘পুষ্পা’কে ছাড়াতে স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা করা হয়েছিল। ফলতার শতল কলসায় এলাকায় লাগাতার বিক্ষোভ চলে। জাহাঙ্গিরের অনুগামীরা ফলতা থানার দিকে এগোতে থাকে। জাহাঙ্গিরকে ছিনিয়ে নেওয়ার ছক ছিল। কিন্তু পুলিশের লাঠিচার্জে তা ভেস্তে যায়। এই নিয়ে মুখ্যমন্ত্রী ফলতায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন, ‘গতকাল আমি কার্শিয়াংয়ে ছিলাম। টিভিতে দেখলাম ফলতায় মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে কিছু লোক পুলিশ ও প্যারা মিলিটারিকে আক্রমণ করতে গিয়েছিল। এখানে এসপিকে বলে যাচ্ছি, ভিডিওতে যতগুলিকে দেখা গিয়েছে, কেউ যেন বাড়িতে না থাকে। তাদের আইনের আওতায় আনতে হবে। আমি পুলিশমন্ত্রী হিসেবে নির্দেশ দিচ্ছি, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, সেই ধারাতে এমন শিক্ষা দিতে হবে, যাতে কোনওদিন পুলিশবাহিনীকে আক্রমণ করার সাহস না পায়। যারা হামলা করেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে চড়ানোর কাজও ডবল ইঞ্জিন সরকার করবে।’