সরকারি জমি দখল করে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল বাড়ি তৈরি করার অভিযোগ উঠেছে ধৃত জাহাঙ্গির খানের বিরুদ্ধে। ওই বাড়ি ভাঙার কাজ শুরু হয়। বৃহস্পতিবার তাঁর নাম করে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে জানান, উদ্ধার হওয়া জমিতে স্থানীয় দরিদ্র মানুষের জন্য আবাস যোজনা প্রকল্পের কাজ করা হবে। সন্দেশখালির ধৃত শেখ শাহজাহানের দখলে থাকা জমি নিয়েও প্রশাসনের পরিকল্পনার কথা জানিয়ে দেন তিনি। সরকারি জমি দখল করে ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করেছিল জাহাঙ্গির খান। এখন জাহাঙ্গির ও তাঁর স্ত্রী জেলে।
এদিকে একের পর এক কড়া বার্তাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। কোনও অন্যায়, অপরাধের সঙ্গে আপস করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। ছটপুজোর একটি অনুষ্ঠানে যোগ দিতে হাওড়ায় গিয়ে মুখ্যমন্ত্রী ফলতার পরিস্থিতি নিয়ে মুখ খোলেন। জাহাঙ্গিরকে নিশানা করে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘সরকারি জমিতে ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করা হয়েছিল। পুষ্পা বলেছিল, ঝুঁকেগা নেহি! কড়া ব্যবস্থা নেওয়া হবে। ওই জমি উদ্ধার করে গরিব মানুষের জন্য আবাস যোজনার কাজ হবে। এই সরকার কাউকে ছাড়বে না।’
অন্যদিকে আগামী দিনে সন্দেশখালির একসময়ের ‘বেতাজ বাদশা’ ধৃত শেখ শাহজাহানের ক্ষেত্রেও পরিণতি যে খুব একটা ভাল হবে না সেটাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্দেশখালির সরবেড়িয়াতেও সরকারি জমি উদ্ধারের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সরাসরি শেখ শাহজাহানের নাম উল্লেখ করে তাঁর দখলে থাকা জমিতে মাছের বাজার তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, ‘শাহজাহানের জমিও উদ্ধার করে মাছ মার্কেট তৈরি হবে। এটা সবে শুরু। আগামী দিনে আরও অনেক কিছু হবে। ফলতায় কী চলছে সবাই দেখতে পাচ্ছেন তো? সরকারি জমিতে ১০ কোটি টাকার আলিশান বিল্ডিং বানিয়েছিল। পুষ্পা, বলেছিল ‘ঝুঁকেগা নেহি! কড়া ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারি জমিতে স্থানীয় গরিব মানুষের জন্য আবাস যোজনার কাজ হবে। শুধু ফলতা নয়, সন্দেশখালির সরবেড়িয়াতও একই কাজ হবে।’
তাছাড়া ফলতার শ্রীরামপুর এলাকায় জাহাঙ্গিরের বিলাসবহুল বাড়ি ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। সরকারি জমি দখল করে ওই বাড়ি তৈরি করেছিলেন এই নেতা বলে অভিযোগ। বৃহস্পতিবারও সকাল থেকে চলছে বাড়ি ভাঙার কাজ। ঘটনাস্থলে আছেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ অফিসাররা। একসময় ফলতা-ডায়মন্ডহারবার এলাকায় জাহাঙ্গিরের যথেষ্ট প্রভাব ছিল। এবার জাহাঙ্গির-শাহজাহানকে সরাসরি কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী।