তৃণমূল সরকারের জমানায় সব প্রকল্প, সুবিধা থেকে বঞ্চিত হয়েছে আদিবাসীরা। এই রাজ্যে পরিবর্তন না হলে এখনও বঞ্চিত হতেন তাঁরা। সরকার পালাবদলের জেরে আদিবাসীদের জীবনের মান উন্নয়নের জন্য একের পর এক কাজ করছে নতুন বিজেপি সরকার। বুধবার জনজাতি গৌরব দিবসে আলিপুরদুয়ারের কুমারগ্রামের জনসভা থেকে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদিবাসীদের জীবনে যাতে আরও বেশি করে উ্ন্নয়ন ঘটানো যায় সেই কাজ করে যাবেন তিনি বলে জানিয়েছেন। শুধু তাই নয়, কেন্দ্র এবং রাজ্য সরকারের একাধিক প্রকল্প আদিবাসীদের মান উন্নয়ন করবে বলেও দাবি তাঁর।
এদিকে এদিন নিজের বক্তব্য শেষে আদিবাসীদের সঙ্গে গানের তালে নাচতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিকও। এই সংস্কৃতি অবশ্য তৃণমূল সরকারের সময়ও দেখা যেত। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আদিবাসীদের সঙ্গে বারবার নাচতে দেখা যেত। সেই রেওয়াজ এখনও অব্যাহত। এখানে বুধবার বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষ্যে কুমারগ্রামের সভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেখানে শুভেন্দু অধিকারীর অঙ্গীকার, ‘আদিবাসীদের প্রতি বঞ্চনা হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাননি। রাজ্যে পরিবর্তন না হলে সরকারি প্রকল্প থেকে এখনও আদিবাসীরা বঞ্চিত হতেন। এখন আদিবাসীদের জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করা হয়েছে। আদিবাসীদের জন্য অনেক কাজ হয়েছে। সরকারি প্রকল্প থেকে আর বঞ্চিত হবেন না তাঁরা।’
অন্যদিকে আদিবাসীদের ভাষাকে স্বীকৃতি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান-সহ একাধিক কাজ করা হচ্ছে। একইসঙ্গে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ভিবি জি রামজি প্রকল্প আদাবাসীদের জন্য নিয়ে আসা হয়েছে। তাতে প্রত্যেক আদিবাসীর উপকার হবে। তার সঙ্গে পরিশ্রুত পানীয় জল, রেশন-সহ নানা পরিষেবা দেওয়া হচ্ছে। আদিবাসীদের জন্য একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করে তাঁদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘সব ভুয়ো এসটি সার্টিফিকেট বাতিল করা হবে। যোগ্যারাই শুধু আবাসের সুবিধা পাবেন। প্রতিশ্রুতি দিয়েও আগের সরকার প্রতিশ্রুতি পূরণ করেনি। এবার আর তা হবে না। জঙ্গলে জমির পাট্টা দেওয়ার কাজ করেছে নতুন সরকার।’
তাছাড়া শুভেন্দু অধিকারী এদিন সভা থেকে অভিযোগ করেন, সাংসদ খগেন মুর্মুর উপর তৃণমূলের গুন্ডারা আক্রমণ চালিয়েছিল। ওই মামলার ফাইল পুনরায় খোলার নির্দেশ দেন তিনি। তার জন্য আইজি উত্তরবঙ্গকে পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর কথায়, ‘কাউকে ছাড়া হবে না। সবাইকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন।’