গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি রেল সংযোগ! রেলমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠকে বড় সিদ্ধান্ত

কলকাতা সফরে এসে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এখানে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন রেলমন্ত্রী। শনিবার নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে জানিয়ে দিলেন, আগামী দিনে অর্থাৎ ২০২৭ সালের কেন্দ্রীয় সাধারণ বাজেট পেশ হওয়ার আগেই গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি রেল সংযোগ গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য। খুব শীঘ্রই এই দীর্ঘ প্রতীক্ষিত প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ।

এদিকে শনিবার নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রীকে গঙ্গাসাগরে রেল যোগাযোগের জন‍্য প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী বাজেটেই এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করতে পারে রেল। সেই ইঙ্গিত দিয়ে গেলেন রেলমন্ত্রীও বলে জানা গিয়েছে। প্রত্যেক বছর পুণ্যার্থীর সংখ্যা বাড়ছে গঙ্গাসাগরে। অথচ রেলপথে গঙ্গাসাগর যাওয়ার উপায় নেই। পথ বলতে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে কাকদ্বীপ বা নামখানাগামী ট্রেনে উঠতে হয়। নামতে হয় কাকদ্বীপ স্টেশনে। সেটাই অতীত হতে চলেছে বলে খবর।

অন্যদিকে এইসব স্টেশন থেকে নেমে আবার বাস অথবা অটো ধরতে হয়। এভাবে যাত্রীদের যেতে হয় লট ৮ নম্বর জেটি ঘাটে। সেখান থেকে আবার ভেসেল বা লঞ্চে করে মুড়িগঙ্গা নদী পার হয়ে পৌঁছানো যায় কচুবেরিয়া ঘাটে। এই দীর্ঘ পথ সফর করে ক্লান্ত হয়ে পড়েন যাত্রীরা। তার জেরে পুণ্যার্থীদের নাজেহাল দশা হয়। গঙ্গাসাগর পর্যন্ত ট্রেন পরিষেবা মিললে এমন কঠিন পথ ধরে আসতে হবে না পুণ্যার্থীদের। বিশেষ করে বয়স্ক বা শিশুদের যাওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা হয়। তবে এবার নামখানা বা কাকদ্বীপ হয়ে যাওয়ার দিন শেষ হতে চলেছে।


এছাড়া আগামী ২০২৭ সালের কেন্দ্রীয় সাধারণ বাজেট পেশের আগেই সম্ভবত এই রেলপথ নিয়ে কাজ শুরু হয়ে যাবে। রেলের মানচিত্রে যুক্ত হবে গঙ্গাসাগর। আজ তেমনই ইঙ্গিত মিলেছে বৈঠকে। এদিনের বৈঠক শেষে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সাংবাদিকদের বলেন, ‘গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি রেল সংযোগ স্থাপনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এই প্রকল্পের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বিশেষ আগ্রহ দেখিয়েছেন এবং ভবিষ্যতে এটি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে বিবেচনা করা হবে।’ রেল মন্ত্রক সূত্রে খবর, আগামী ২০২৭ সালের কেন্দ্রীয় বাজেট পেশের আগেই গঙ্গাসাগরকে দেশের মূল রেল মানচিত্রে জুড়ে দিতে কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এই মেগা প্রজেক্টকে সফল করতে কেন্দ্র ঝাঁপিয়ে পড়েছে।