যোগ দিবসে সরকারি কর্মীদের হাজিরা প্রসঙ্গে হাইকোর্টে স্পষ্ট বার্তা রাজ্য সরকারের

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। সেদিনের কর্মসূচিতে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে লিখিত ভাবে একথা জানানো হয়। এরপরই বিচারপতি অমৃতা সিনহা মামলার নিষ্পত্তি করে দেন।

এ নিয়ে নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রাজ্যের সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের ২১ জুন যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। রাজ্যের সমস্ত সরকারি, আধা সরকারি এবং সরকার দ্বারা পরিচালিত সমস্ত কর্মীকেই সেই দিন উপস্থিত থাকতে হবে বলে জানানো হয়েছিল। সকল কর্মীদের সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নবান্নের এই নির্দেশিকার বিরুদ্ধে সরকারি কর্মীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি হাইকোর্টের দারস্থ হয়।

কো-অর্ডিনেশন কমিটির দাবি ছিল, যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ স্বেচ্ছামূলক হওয়া উচিত। বাধ্যতামূলক নয়। মামলার শুনানিতে আদালত রাজ্যের কাছে জানতে চায়, কেন সরকারি কর্মীদের জন্য উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে? এরপরে শুক্রবার আদালতে রাজ্য সরকার লিখিতভাবে স্পষ্ট জানায়, যোগ দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ কারও জন্য বাধ্যতামূলক নয়। কোনও কর্মী অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক বা কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে না। ফলে যোগ দিবসে সরকারি কর্মীদের অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছামূলক বলেই এদিন রাজ্য নিজের অবস্থান স্পষ্ট করে।


বৃহস্পতিবার এই মামলায় আদালত জানিয়েছিল, যোগ দিবসে সরকারি কর্মচারীদের যাওয়া কেন বাধ্যতামূলক তা লিখিতভাবে রাজ্যকে জানাতে হবে। আর তারপরেই শুক্রবার রাজ্য জানায়, যোগ দিবসের কর্মসূচিতে যোগদান কারও জন্য বাধ্যতামূলক নয়। এদিন কর্মসূচিতে উপস্থিত না থাকলেও শাস্তিমূলক পদক্ষেপের কোনও বিষয় নেই।