সিভিক ভলান্টিয়ার-হোম গার্ডদের বাড়ল পারিশ্রমিক, গ্রিন পুলিশদের জন্যও বাজেটে বড় ঘোষণা

রাজ্য বাজেটে একের পর এক বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এবার সিভিক ভলান্টিয়ার ও হোম গার্ডদের পারিশ্রমিক বৃদ্ধি করা হল। তাঁদের পারিশ্রমিক দু’হাজার টাকা বাড়ানো হয়েছে বলে বাজেটে ঘোষণা করলেন স্বপন দাশগুপ্ত। সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ ও ভিলেজ পুলিশদের বেতন বাড়বে। চলতি বছরে অগাস্ট থেকে তাঁরা বর্ধিত বেতন পাবেন বলে বাজেটে বলা হয়েছে।

বাজেট পেশের সময়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে ১৬ হাজার টাকা করা হবে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের পারিশ্রমিক মাসে দু’হাজার বাড়ানো হল। হোমগার্ডদেরও পারিশ্রমিক দু’হাজার টাকা বাড়ানো হয়েছে। বেতন বৃদ্ধির পাশাপাশি সিভিল ডিফেন্স কর্মীদের জন্য মাসে ন্যূনতম ২০ দিনের কাজের কথা বলা হয়েছে।

স্বপন দাশগুপ্ত বাজেট পেশের সময়ে বলেন, ‘প্যারা-টিচাররা যাতে সুবিধা থেকে বঞ্চিত না হন, তার জন্য মাসে পাঁচ হাজার টাকা পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক ড্রাইভার ও এজেন্সি মারফত নিযুক্ত ড্রাইভারদের পারিশ্রমিক গত আর্থিক বছরে বৃদ্ধি পেয়েছে। এবার স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টর ও এজেন্সি মারফত নিযুক্ত কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে মাসে ১৬ হাজার টাকা করার প্রস্তাব করা হচ্ছে।’


বাজেট পেশের সময়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, গ্রামীণ এলাকায় পশুচিকিৎসা পরিষেবা দিতে প্রাণীসেবকরা, প্রাণীবন্ধুরা এবং এআই কর্মীরা সামনের সারির গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে কাজ করেন। তাঁদের কাজকে সম্মান দিয়ে মাসে দু’হাজার পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব বাজেটে রাখা হয়েছে। এর পাশাপাশি রাজ্য পরিবহণে মাসিক পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পূর্বতন সরকার পশ্চিমবঙ্গে সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতন ৯ হাজার থেকে ১০ হাজার টাকা করেছিল। শেষ রাজ্য বাজেটে সেই বেতন কাঠামো ও উৎসবকালীন অ্যাড-হক বোনাসও বাড়ানো হয়েছিল। সেই সময়ে কর্মরত ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের দৈনিক ভাতা বাড়ানো হয়েছিল। এরপর থেকে বেতন বৃদ্ধির দাবি করা হচ্ছিল। এবার নতুন রাজ্য সরকারের বাজেটে পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী।