দুর্গাপুরে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার, প্রভাব খাটিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ

লাগাতার মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুরের এক সিভিক ভলান্টিয়ার। ক্ষমতার অপব্যবহার এবং ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অবশেষে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল ওই সিভিক ভলান্টিয়ারকে।

চিরঞ্জিত সাহা নামে ওই সিভিক ভলান্টিয়ার দুর্গাপুরের কোকওভেন থানার বিদ্যাসাগর পল্লির বাসিন্দা। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২৮ এপ্রিল এক মহিলা দুর্গাপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি দাবি করেন, ২০২৫ সালের অক্টোবর মাস থেকে সিভিক ভলান্টিয়ার চিরঞ্জিত সাহা তাঁর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পাশাপাশি বিষয়টি কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই মহিলা।


পুলিশ সেই অভিযোগের তদন্তের ভিত্তিতে কোকওভেন থানা এলাকার বিদ্যাসাগর পল্লি থেকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে শনিবার গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।