সই জালিয়াতি মামলায় কুণাল ঘোষকে সিআইডির নোটিস

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্রে সই জালিয়াতির অভিযোগ ঘিরে তদন্তের পরিধি ক্রমশ বিস্তৃত হচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর এবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে তলব করল সিআইডি। রবিবার ভবানীভবনে হাজিরার জন্য তাঁকে নোটিস পাঠানো হয়েছে বলে তদন্তকারী সূত্রে খবর।

সূত্রের দাবি, রবিবার দুপুর ১২টায় ফের সিআইডি দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একই দিনে কুণাল ঘোষকেও ভবানীভবনে ডাকা হয়েছে। ফলে দুই নেতাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জোর জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও তদন্তকারী সংস্থার তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিরোধী দলনেতা নির্বাচনের জন্য জমা দেওয়া রেজোলিউশন বা প্রস্তাবপত্রে কয়েকজন অনুপস্থিত বিধায়কের সই কীভাবে এল, তা নিয়েই মূল তদন্ত শুরু হয়েছে। বিধানসভার সচিবালয়ে জমা দেওয়া নথির সঙ্গে অন্য নথিতে থাকা সইয়ের অসঙ্গতি সামনে আসার পর অভিযোগ দায়ের হয়। পরে তদন্তভার গ্রহণ করে সিআইডি।