সরকারি ত্রাণ পাচারের চেষ্টা, গাড়ি আটকে অরূপ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ

শনিবার সকালে মধ্য হাওড়ায় প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক অরূপ রায়ের বাড়ির সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, একটি ম্যাটাডোরে করে বিপুল পরিমাণ ত্রিপল ও অন্যান্য সামগ্রী গোপনে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা গাড়িটি আটকে দেন এবং বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের দাবি, বিধায়কের বাড়ির সংলগ্ন একটি গুদামে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী মজুত ছিল। সেখানে ত্রিপল, কম্বল, পিপিই কিট, হুইলচেয়ার, খেলাধুলার সামগ্রীসহ নানা ধরনের জিনিসপত্র রাখা ছিল বলে অভিযোগ। সাধারণ মানুষের জন্য বরাদ্দ এই সামগ্রী কেন গুদামে জমা রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুদাম থেকে সামগ্রী সরানোর খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ সেখানে জড়ো হন এবং চোর চোর স্লোগান দিতে থাকেন। পরে স্থানীয় বিজেপি নেতৃত্বও ঘটনাস্থলে পৌঁছে গাড়ি আটকে বিক্ষোভে দেখায়।


তাদের অভিযোগ, লক্ষ লক্ষ টাকার সরকারি সামগ্রী গোপনে সরানোর চেষ্টা হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কথাকাটাকাটিও হয়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অরূপ রায়। তাঁর দাবি, অভিযোগের কোনও ভিত্তি নেই এবং বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।