মাঝরাতের হালকা ঠাণ্ডায় তৃণমূল বিধায়কের বাড়িতে হাজির হল সিআইডি এবং পুলিশ। দরজায় একাধিকবার কড়া নাড়লেন। বিস্তর হাঁকডাক করলেন। নিজেদের পরিচয় দিয়ে হয় দরজা খোলার আবেদনও করলেন। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও মিলল না সাড়া। মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেসের বিধায়ক শামিম আহমেদের ডায়মন্ডহারবারের হিঞ্চেবেড়িয়ার বাড়িতে যৌথ অভিযান চালাল সিআইডি এবং ডায়মন্ডহারবার জেলা পুলিশ। তবে তখন বাড়িতে বিধায়ক ছিলেন না বলেই খবর। কিন্তু খোঁজ মেলেনি বিধায়কের। অবশেষে কিছুক্ষণ অপেক্ষা করার পর তদন্তকারীরা ফিরে যান।
এদিকে ডায়মন্ডহারবারে প্রভাব খাটিয়ে কম দামে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে শামিম আহমেদের বিরুদ্ধে। ওই মামলাতেই সম্ভবত মাঝরাতে শামিমের বাড়িতে অভিযান চালায় সিআইডি এবং পুলিশ। পরিবারের পক্ষ থেকে পাওয়া একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে পুলিশ অফিসাররা বারবার দরজা খোলার জন্য হাঁকডাক করছেন। তাঁদের বলতে শোনা যায়, ‘দরজাটা খুলুন, থানা থেকে এসেছি।’ কিন্তু বারবার হাঁকডাকই সার হয়। কারণ ভিতর থেকে কারও সাড়া পাননি তদন্তকারীরা। তাই দলবল নিয়ে ফিরে যেতে হয়। জমি দখলের মামলার পাশাপাশি ২০২৫ সালের আগস্ট মাসে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়ে এক মহিলার পরিবারের প্রায় ১.৮৫ একর জমির মালিকানা বদল করিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। ওই অভিযোগে অভিযুক্তদের তালিকায় দ্বিতীয় নাম শামিম আহমেদের। যার তদন্ত করছে সিআইডি।
অন্যদিকে মাঝরাতে সিআইডি এবং পুলিশ যৌথ উদ্যোগে শামিমের সরিষার বাড়িতে যায়। দীর্ঘক্ষণ দরজায় ধাক্কাধাক্কি থেকে শুরু করে ‘দরজা খুলুন, কেউ বাড়িতে আছেন’ বলে হাঁকডাক করে পুলিশ। কিন্তু কোনও সাড়া শব্দ না পেয়ে ফিরে যায় সিআইডির দল। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে শামিম আর ওই বাড়িতে থাকেন না। তিনি কোথায় থাকেন কেউ জানে না। কদিন আগে সরিষায় তৃণমূলের একটি পার্টি অফিস থেকে এক কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়। ওই পার্টি অফিসে শামিম আহমেদ বসতেন বলে অভিযোগ। পাল্টা বিধায়কের অভিযোগ, ওই টাকা উদ্ধারের ঘটনায় তাঁর কোনও যোগ নেই। তাই সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হন বিধায়ক।
তাছাড়া ওই টাকা যে পরিকল্পনা করে পুলিশই রেখেছিল তেমন দাবি করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিও তাঁর কাছে আছে বলেও দাবি করেন। যা নিয়ে খানিকটা চাপে পড়ে যায় পুলিশ। এই অভিযান নিয়ে এখনও পর্যন্ত শামিমের পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে পরিবার সূত্রে খবর, বিধায়কের বাবা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। আর তৃণমূলের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়ের অভিযোগ, শামিম ঋতব্রত শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ বাড়াতেই তাঁকে নিশানা করা হচ্ছে।