১২০ ঘণ্টায় শেষ চিংড়িঘাটা মেট্রোর কাজ

দীর্ঘ দেড় থেকে দুই বছর ধরে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ মিটল মাত্র ১২০ ঘণ্টারও কম সময়ে। নির্ধারিত সময়ের আগেই এই অরেঞ্জ লাইনের বকেয়া মেট্রোর কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। বাকি অংশের কাজ ঠিকমতো এগোলে আগামী ডিসেম্বরের মধ্যে গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এক মেট্রোতে পৌঁছনো যাবে।

চিংড়িঘাটা মোড়ে মেট্রোর গার্ডার বসানোর কাজ সোমবার ভোর ৫টায় শেষ হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ইএম বাইপাসের যান চলাচল স্বাভাবিক ছিল বলে জানানো হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের সক্রিয় সহযোগিতায় কাজটি দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে।

কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত পরিষেবা দেবে অরেঞ্জ লাইনের মেট্রো। কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত এই মেট্রোর কাজ সম্পূর্ণ হলেও বিমানবন্দর পর্যন্ত মেট্রোর কাজ এখনও সম্পন্ন করা যায়নি। এই কাজের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল চিংড়িঘাটার ৩৬৬ মিটার অংশের বকেয়া কাজ। কাজ শেষ করতে যে ট্রাফিক ব্লকের প্রয়োজন ছিল তৃণমূল সরকারের আমলে তা নিয়ে দীর্ঘ টালবাহানার মুখে পড়তে হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষকে।


কিন্তু সম্প্রতি বিধানসভা নির্বাচনের পর সরকার বদল হতেই রাজ্য সরকার ও কলকাতা পুলিশের অনুমতি মিললেই এই কাজে গতি পায়। মেট্রো রেল কতৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৫ মে থেকে ১৮ মে-তে প্রথম দফা ও ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত দ্বিতীয় দফায় এই বকেয়া কাজ করার জন্য সময় বেছে নেয়। এই দু’দফার মোট ১২০ ঘণ্টায় তিনটি পিলারের মধ্যে ৬২ মিটার ভায়াডাক্ট বসানোর কাজ শেষ হয়েছে।