রাজ্যে চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পশ্চিমবঙ্গে সরকার বদলের পর রাজ্যের সামাজিক প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, সোমবার তা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে প্রথম মন্ত্রীসভার বৈঠকের পর তিনি জানান, পূর্ববর্তী সরকারের চালু করা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। তবে প্রকল্পের সুবিধা শুধুমাত্র প্রকৃত ও যোগ্য ভারতীয় নাগরিকরাই পাবেন বলে স্পষ্ট করে দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। আগের সমস্ত প্রকল্পই চলবে। তবে মৃত ব্যক্তি বা অ-ভারতীয় কেউ এই সুবিধা পাবেন না।’ তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, তিনি মূলত অনুপ্রবেশকারীদের উদ্দেশেই এই বার্তা দিয়েছেন।

বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস বারবার দাবি করেছিল, বিজেপি ক্ষমতায় এলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা ‘যুবসাথী’-র মতো জনপ্রিয় প্রকল্পগুলি বন্ধ করে দেওয়া হবে। যদিও বিজেপি শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে এসেছে। এমনকি নির্বাচনের আগে প্রকাশিত দলের সংকল্পপত্রেও সামাজিক সুরক্ষা ও মহিলাদের আর্থিক সহায়তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল।


প্রচারের সময় অমিত শাহ ঘোষণা করেছিলেন, মহিলাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে থাকা অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য বিশেষ অনুদান ও পুষ্টি সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতিও ছিল। অবিবাহিত ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য এককালীন আর্থিক সহায়তার কথাও বলা হয়েছিল।

শনিবার শপথ নেওয়ার পর সোমবারই মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম মন্ত্রীসভার বৈঠকে যোগ দেন শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। যদিও এখনও পর্যন্ত মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়নি। বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিব ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন।