সিঁড়িতে মাথা ছুঁইয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বুধবার রাজ্য বিধানসভায় নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হল এক বিশেষ আবহে। মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী বিধানসভায় প্রবেশের আগে সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করেন। পরে তাঁকে প্রথামাফিক গার্ড অফ অনার জানানো হয়। বিধানসভা চত্বরে ড. বি. আর. অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করে তিনি নির্দিষ্ট মুখ্যমন্ত্রী কক্ষে যান এবং সেখানে পূজার্চনা করেন। সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিওয় দেখা যায়, ঘণ্টা বাজিয়ে ও শঙ্খধ্বনির মধ্যে পুরোহিতের উপস্থিতিতে তিনি পূজা করছেন।

এরপর মুখ্যমন্ত্রী অধিবেশন কক্ষে গিয়ে প্রথম বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁকে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তথা মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়। সূত্রের খবর, শুভেন্দু ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। ফলে নন্দীগ্রাম আসন তিনি ছেড়ে দিতে পারেন বলেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। শপথগ্রহণের মুহূর্তের ভিডিওর পরে সমাজমাধ্যমে ভাগ করে নেন তিনি।

মুখ্যমন্ত্রীর পর একে একে শপথ নেন রাজ্য মন্ত্রীসভার সদস্য এবং অন্যান্য বিধায়করা। তাঁদের মধ্যে ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল ও নিশীথ প্রামাণিক।তার পর অন্য বিধায়কদের শপথগ্রহণ শুরু হয়েছে।  প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রথম দফায় দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ৮০ জন বিধায়ক শপথ নেবেন। এই পর্বে মূলত উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদ জেলার বিধায়কদের শপথগ্রহণ চলবে। দ্বিতীয় পর্বে শপথগ্রহণ শুরু হবে দুপুর ২টোয়। চলবে বিকেল ৪টে পর্যন্ত। এই পর্বে নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার বিধায়কেরা শপথ নেবেন।


বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও শপথগ্রহণ চলবে। স্থায়ী স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রোটেম স্পিকার তাপস রায়ই দায়িত্ব সামলাবেন। মঙ্গলবার তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। আগামী ১৫ মে বিধানসভার স্পিকার নির্বাচন হওয়ার কথা, এবং সেই পদে তাপস রায়ের নামই সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে।