দুর্নীতি প্রশ্নে সিবিআই-কে ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রীসভা। বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের বিভিন্ন দপ্তরের দুর্নীতিতে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত চালাতে সিবিআই-সহ আদালত নির্দেশিত তদন্তকারী সংস্থাগুলিকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে। তিনি জানান, পূর্ববর্তী সরকার বহু ক্ষেত্রে এই অনুমতি আটকে রেখেছিল, ফলে তদন্তের প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল। নতুন সরকার সেই বাধা দূর করে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

মুখ্যমন্ত্রী বলেন, মানুষ যে প্রত্যাশা নিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় এনেছে, সেই আস্থা রক্ষা করাই তাঁদের প্রধান লক্ষ্য। তাই কোনও দুর্নীতিগ্রস্ত আধিকারিককে রেহাই দেওয়া হবে না। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভা নিয়োগে অনিয়ম এবং সমবায় সংক্রান্ত দুর্নীতির মতো একাধিক মামলায় যুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা।

তিনি আরও অভিযোগ করেন, আগের সরকার দুর্নীতিতে জড়িত কিছু আমলাকে রক্ষা করার উদ্দেশ্যে তদন্তকারী সংস্থার কাজে বাধা সৃষ্টি করেছিল। সেই কারণেই বহু মামলায় চার্জশিট দাখিলের প্রক্রিয়া দীর্ঘদিন আটকে ছিল। এখন রাজ্য সরকারের অনুমতি মেলার ফলে তদন্তকারী সংস্থাগুলি আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে পারবে।


উল্লেখ্য, সরকারি নিয়ম অনুযায়ী কোনও কর্মরত রাজ্য সরকারি আধিকারিকের বিরুদ্ধে তদন্ত বা চার্জশিট দাখিল করতে হলে সরকারের লিখিত অনুমতি প্রয়োজন হয়। এতদিন সেই অনুমতির অভাবে একাধিক তদন্ত ঝুলে ছিল। নতুন সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট মামলাগুলির তদন্তে আর প্রশাসনিক বাধা রইল না বলে মনে করা হচ্ছে।