শান্তনু গ্রেপ্তারের পরেই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ডায়মন্ড হারবারে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর বড় প্রশাসনিক সিদ্ধান্তের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গঠিত পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হচ্ছে। সোমবার এই বিষয়ে আনুষ্ঠানিক সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে তোলাবাজি, রাজনৈতিক হিংসা এবং পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কড়া অবস্থানের বার্তাও দেন মুখ্যমন্ত্রী।

শনিবার দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘পুলিশ ওয়েলফেয়ার বোর্ড প্রথমে ভালো উদ্দেশ্যে তৈরি হয়েছিল। কিন্তু পরে সেটি একটি রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত হয়।‘ তাঁর দাবি, বোর্ড গঠনের ফলে সাধারণ পুলিশ কর্মীদের কতটা উপকার হয়েছে তা স্পষ্ট নয়, বরং কিছু নির্দিষ্ট আধিকারিকই বেশি সুবিধা পেয়েছেন। তিনি বিশেষভাবে পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস ও বিজিতাশ্ব রাউতের নামও উল্লেখ করেন। উল্লেখ্য, শান্তনু সম্প্রতি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন।

২০১২ সালে তৃণমূল সরকারের আমলে গঠিত এই বোর্ডের মূল উদ্দেশ্য ছিল পুলিশ কর্মী ও তাঁদের পরিবারের স্বাস্থ্য পরিষেবা এবং অবসরকালীন সুবিধা নিশ্চিত করা। তবে বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, সময়ের সঙ্গে বোর্ডটি রাজনৈতিক প্রভাবাধীন হয়ে পড়ে।


এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) অনুযায়ী পুলিশ এখন থেকে পদক্ষেপ করবে। রাজনৈতিক হিংসা, পুলিশি হেনস্থা কিংবা থানায় অভিযোগ জানাতে গিয়ে খারাপ অভিজ্ঞতার শিকার হওয়া মানুষদের অভিযোগ দায়েরের আহ্বান জানান তিনি। পাশাপাশি কাটমানি, তোলাবাজি বা অটো-টোটো ও হকারদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন। শুভেন্দুর বক্তব্য, ‘এ বার আর শাসকের আইন নয়, আইনের শাসন চলবে।‘