ভোটের মুখে প্রশাসনিক মহলে বড়সড় রদবদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক রিটার্নিং অফিসার (আরও)-এর বদলি ও নতুন নিয়োগের নির্দেশিকা জারি করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে জারি করা এই নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় শূন্যপদ পূরণ এবং কিছু ক্ষেত্রে আংশিক পরিবর্তনের কথা বলা হয়েছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, ২৩ মার্চের আগের নির্দেশিকার আংশিক সংশোধন করে এই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। নির্দেশ অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় মোট ৯টি শূন্যপদে রিটার্নিং অফিসার নিয়োগ করা হবে। পাশাপাশি, আরামবাগ মহকুমায় এসডিও রবি কুমারকে রিটার্নিং অফিসার হিসেবে পোস্টিং দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
কমিশনের কড়া নির্দেশ, সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিতে ২৭ মার্চ বিকেল ৫টার মধ্যে যোগ দিতে হবে। কোনও রকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
অন্যদিকে, সংযুক্ত ‘অ্যানেক্সার এ’ ও ‘অ্যানেক্সার বি’-তে রাজ্যের বিভিন্ন জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসারদের নাম ও দায়িত্বের বিস্তারিত তালিকাও প্রকাশ করা হয়েছে। দার্জিলিং, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান—এই জেলাগুলির একাধিক কেন্দ্রে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে ভোটের আগে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করার কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে যেসব কেন্দ্রে শূন্যপদ ছিল বা প্রশাসনিক ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠছিল, সেখানে দ্রুত বদলি ও নিয়োগের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে মসৃণ রাখতে চাইছে কমিশন।
এদিকে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোথাও কোনও রিটার্নিং অফিসারের পদ খালি না থাকে, তা নিশ্চিত করতে। ভোটের আগে এই নির্দেশিকাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে।