চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই চোখধাঁধানো আলোকসজ্জা আর বিশাল প্রতিমার আকর্ষণ। তবে এই উৎসবের ভিড়ে পাদ্রীপাড়ার জগদ্ধাত্রী পুজো আলাদা করে নজর কাড়ে সম্প্রীতির নজির গড়ে। হিন্দু, মুসলিম ও খ্রিস্টান—তিন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর আয়োজন করেন। কেউ প্রতিমা তৈরি করান, কেউ দেবীর শাড়ি কেনেন, কেউ সামলান সাজসজ্জা, আবার কেউ বিসর্জনের দায়িত্ব নেন। এভাবেই গত ৪৩ বছর ধরে ধর্মের বিভেদ ভুলে উৎসবের আনন্দে মেতে ওঠে গোটা পাড়া।
এবার পাদ্রীপাড়ার জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করিয়েছেন ইমতিয়াজ হুসেন। প্রায় ৫২ হাজার টাকা খরচ করেছেন তিনি। তাঁর ভাই শাহাবাজ হুসেন প্রায় ২০ হাজার টাকা দিয়ে কিনেছেন দেবীর জন্য চারটি বেনারসি শাড়ি। প্রতিমার সাজসজ্জা ও চালচিত্রের দায়িত্বে রয়েছেন এলাকার বাসিন্দা অভিক দাশগুপ্ত। প্রতিমা নিরঞ্জনের দায়িত্ব নিয়েছেন পূর্ণেন্দু চ্যাটার্জী।
পুজো উদ্যোক্তাদের দাবি, দেবী প্রতিমার উচ্চতা প্রায় ১৫ ফুট। চালচিত্র-সহ তা প্রায় ২৫ ফুট। হাওড়ার একটি গ্রামের শিল্পীরা দেবীর হাতে থাকা বিভিন্ন অস্ত্র তৈরি করেছেন। সেই গ্রামকেই এ বার মণ্ডপের ভাবনায় তুলে ধরা হয়েছে। আকাশি রঙের বেনারসি ও সোলার সাজে সেজেছেন দেবী হৈমন্তিকা।
এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য মণ্ডপের অবস্থান। পুজোমণ্ডপের পাশেই রয়েছে একটি মসজিদ। একদিকে শোনা যায় আজানের সুর, অন্যদিকে ভেসে আসে পুরোহিতের মন্ত্রোচ্চারণ। কিন্তু দুইয়ের সহাবস্থানে কখনও ছেদ পড়েনি। পুজোর চার দিন এলাকার সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে উৎসবে শামিল হন। উদ্যোক্তারা জানিয়েছেন, যে জমিতে প্রতিমা বসানো হয়েছে, সেটি মসজিদ কমিটির। আবার প্রয়োজন হলে পুজো কমিটির নিজস্ব জমিও ব্যবহার করেন মসজিদ কর্তৃপক্ষ। শুধু জগদ্ধাত্রী পুজো নয়, ঈদ ও বড়দিনের আয়োজনেও একে অপরের পাশে থাকেন এলাকার বাসিন্দারা।
শাহাবাজ হুসেন বলেন, “আমরা ছোট থেকেই সবাই একসঙ্গে বড় হয়েছি। এর আগে পুজোর বিভিন্ন দায়িত্ব নিয়েছি। এবার প্রতিমার শাড়ির দায়িত্ব নিয়েছি। আমার দাদা প্রতিমার দায়িত্ব নিয়েছে। আমরা সবাই এক, তাই একসঙ্গেই চলতে হবে। শুধু জগদ্ধাত্রী পুজো নয়, ঈদ, বড়দিন—সবই একসঙ্গে করি। আগামী দিনেও এভাবেই চলব।”
পুজো কমিটির সদস্য রাজেন বৈরাগীর কথায়, “আমাদের এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান—কোনও ভেদাভেদ নেই। আমাদের অনুষ্ঠানে যেমন ওঁরা থাকেন, তেমনই ওঁদের অনুষ্ঠানেও আমরা সামিল হই। যেখানে পুজো হয়, সেই জমিতেই ঈদের অনুষ্ঠানও হয়। নবমীর ভোগ খাওয়ার সময় গোটা পাড়া এক হয়ে যায়। আমরা গর্বিত যে সবাই একসঙ্গে চলি।”
পুজো দেখতে আসা লেলিসারও একই অভিজ্ঞতা। তাঁর কথায়, এখানে ধর্মের কোনও বাছবিচার নেই। কেউ শাড়ি দিয়েছেন, কেউ ফুল, কেউ আবার প্রতিমা। সবাই মিলেমিশে কাজ করছেন—এটাই সবচেয়ে ভালো লাগে।
পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক স্বপন সাহা জানান, ৪৩ বছর আগে পাদ্রীপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির পথচলা শুরু হয়েছিল। সেই সময় এলাকায় জগদ্ধাত্রী পুজোর প্রচলন তেমন ছিল না। গ্রামের কয়েক জন ছোট ছেলের আবদারেই পুজোর সূচনা। চার দশকেরও বেশি সময় পেরিয়ে আজও সেই ঐতিহ্য অটুট। ঈদ, বড়দিন-সহ সব উৎসব একসঙ্গে পালন করেন এলাকার বাসিন্দারা। তাঁর কথায়, এখানে ধর্মের পরিচয়ের চেয়ে বড় পরিচয়—সবাই মানুষ।