আজ অর্থাৎ শনিবার থেকেই শুরু হয়ে গেল সার্ভাইকাল ক্যানসারের টিকাকরণ কর্মসূচি। সেই সঙ্গে বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকেও ঢেলে সাজাচ্ছে সরকার। সরকারি হাসপাতালে সাধারণ মানুষ যাতে চিকিৎসা পানে সেদিকেও নজর দেওয়া হচ্ছে।
বিধাননগর হাসপাতালে সার্ভাইকাল ক্যানসারের টিকাকরণ কর্মসূচি আজ শুরু হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ বিশিষ্টরা। কেন্দ্রের সাহায্যে রাজ্যজুড়ে শুরু হয়েছে এই টিকাকরণ কর্মসূচি।
১৪ থেকে ১৫ বছর বয়সি কিশোরীদের এই টিকা দেওয়া হবে। সকল সরকারি স্বাস্থ্যকেন্দ্রেই এই পরিষেবা পাওয়া যাবে। এদিন প্রথম দুই কিশোরীর হাতে টিকাকরণের সার্টিফিকেট তুলে দেন মুখ্যমন্ত্রী। বাংলার মোট ২৩৫টি স্বাস্থ্যকেন্দ্রে এই টিকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘১৪-১৫ বছরের কিশোরীদের এই টিকা দেওয়া হবে। প্রায় ৭ লক্ষ ৭২ হাজার ৬৫০ ডোজ কেন্দ্র পাঠিয়েছে।‘
এদিন এসএসকেএম হাসপাতালে বেডের সংখ্যাও বাড়ানো হয়। এসএসকেএমের মহিলা বিভাগে ২৫টি, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ২৫টি ও পুলিশ হাসপাতালে ৫০টি বেড বাড়ানো হয়েছে। বিধাননগর হাসপাতাল থেকে মুখ্যমন্ত্রী রাজ্যে সরকারি হাসপাতালে পরিকাঠামো উন্নয়নে নজর দেওয়া হচ্ছে বলে বার্তা দেন।
তিনি বলেন রোগী রেফারে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। দালালচক্র রুখতেও বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী। রেফার রুখতে লাইভ মনিটারিংয়ের ব্যবস্থা করার কথা বলেন তিনি। জেলা হাসপাতালগুলিতে নজরদারির জন্য কন্ট্রোলরুম তৈরির কথাও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।