মাঠে নেমে প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে সিইও-র চার দিনের সফর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে চার দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল। কমিশন সূত্রে খবর, রবিবার কলকাতা থেকে রওনা দেবেন তিনি। সফরসূচি অনুযায়ী, প্রথমে আলিপুরদুয়ার, সেখান থেকে কোচবিহার, দার্জিলিং হয়ে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি ঘুরে ফের কলকাতায় ফিরবেন সিইও।

নির্বাচনকে সামনে রেখে ‘মাঠে নেমে’ পরিস্থিতি পর্যালোচনাতেই জোর দিচ্ছে কমিশন। দফতরে বসে মৌখিক নির্দেশ দেওয়ার বদলে সরাসরি বিভিন্ন জেলায় গিয়ে প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণের পরিকাঠামো খতিয়ে দেখবেন মনোজ কুমার আগারওয়াল।

কমিশন সূত্রে জানা গিয়েছে, এই সফরের অন্যতম উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরানো। ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে আশ্বস্ত করতেই এই উদ্যোগ। পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে নির্বাচন সংক্রান্ত খুঁটিনাটি প্রস্তুতিও খতিয়ে দেখা হবে। সব মিলিয়ে, আসন্ন ভোটকে অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে তৎপর নির্বাচন কমিশন—তারই প্রতিফলন সিইও-র এই সরেজমিন পরিদর্শন।