ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের বিভিন্ন জেলায় আকাশপথে ঘুরে বেড়াচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সময় বাঁচাতে এবং দ্রুত একাধিক জেলা পরিদর্শনের লক্ষ্যেই তিনি কপ্টার ব্যবহার করছেন বলে জানা গিয়েছে।
সোমবার উত্তরবঙ্গের তিন জেলায় সফর করেন মনোজ আগরওয়াল। মঙ্গলবারও একইভাবে একের পর এক জেলায় পৌঁছন তিনি। তাঁর এই সফরে ব্যবহার করা হচ্ছে ভারতীয় বায়ুসেনার কপ্টার। কপ্টার ওড়ানোর দায়িত্বে রয়েছেন উইং কম্যান্ডার প্রদীপ এ হরিহরণ। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই প্রথম কোনও মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়মিতভাবে বায়ুসেনার কপ্টার ব্যবহার করে জেলায় জেলায় পরিদর্শন করছেন।
এর আগে মুখ্য নির্বাচনী আধিকারিকরা কপ্টার ব্যবহার করলেও তা মূলত দুর্গম এলাকায় যাতায়াতের জন্য সীমাবদ্ধ ছিল। কিন্তু মনোজ আগরওয়ালের ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রায় সব জেলাতেই তিনি কপ্টারে করে পৌঁছচ্ছেন। তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এতে সময় অনেকটাই সাশ্রয় হচ্ছে। সেই সময় কাজে লাগিয়ে তিনি জেলা প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে পারছেন।
মঙ্গলবার কোচবিহার থেকে আকাশপথে পশ্চিম মেদিনীপুরে পৌঁছন তিনি। সেখানে সিপাইবাজার এলাকায় গিয়ে বুথ পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক বিজিন কৃষ্ণ এবং জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। ভোট প্রস্তুতি নিয়ে প্রশাসনের কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকও করেন তিনি।
কমিশন সূত্রে খবর, আগামী দিনেও তাঁর এই আকাশপথে সফর চলতে পারে। বুধবারও আরও কয়েকটি জেলায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটের আগে এই তৎপরতা প্রশাসনিক প্রস্তুতিকে আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে।